Sunday, May 24, 2026

অদ্ভুদ জাতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ওরে অদ্ভুদ জাতি, ওরে অকৃতজ্ঞের দল!

স্বাধীনতার ইতিহাসে মাখালি কলঙ্ক-মল।
মুছতে চাস জন্মের ইতিহাস, স্থপতিরে করিস বাদ,
জাতীয় সঙ্গীত মুছতে চাস কেমন পরমাদ?

মুক্তির স্মারক ভাঙিস তোরা,
করিস বীরের অপমান!
বিশ্বের কোনো স্বাধীন দেশে
আছে কি এমন অসম্মান?

শহীদকে আজ ঘৃণা করিস, মা-বোনের ইজ্জত তুচ্ছ?
মুক্তি-সেনাপতি বিঁধে দিস অপমানের বিষ-পুচ্ছ!
স্বাধীনতার প্রশ্নে তোদের আজও কেন বিভক্তি?
বিশ্ব হাসে দেখে তোদের হীনবল কুযুক্তি!

বিবেক তোদের জাগে না কেন?
চারিদিকে শুধু উগ্রতা!
লজ্জা কি নেই? ধিক্ তোরে ধিক্!
যে চরম জঘন্যতা!

স্থপতিরে মারলি, সেনাপতিরেও করলি হত্যা শেষ,
বীরের গলায় জুতার মালাওরে দুর্ভাগা দেশ!
হুজুগে মাতাল হয়ে
আপন পতাকা দিস পুড়িয়ে!
ইতিহাস তোরে আস্তাকুঁড়ে
দেবে যে আজ উড়িয়ে!

ওরে অদ্ভুদ জাতি, ওরে অকৃতজ্ঞের দল!
স্বাধীনতার ইতিহাসে মাখালি কলঙ্ক-মল।

---------------------------------------------------

বিবেকের আয়নায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

হে শ্রেষ্ঠ উম্মত, হে প্রিয় গোলাম,
প্রভুর হেদায়েত তব অবিরাম।
হাতে তব ছিল নূরের জ্যোতি,
তবে কেন আজ ঘোর দুর্গতি?

কেন তব হাতে কাঁদে মানবতা?
ন্যায়বিচার কেন পায় শুধু ব্যথা?
কেন গুম খুন আর হত্যা চলে?
মানুষ কেন মরে অনল-জ্বলে?

শিশু ধর্ষণের এই পাপাচার,
বলাৎকারে কাঁপে সব আসমান।
দুর্নীতি আর এই রাহাজানি,
কেন হয় তব নিত্য হাতছানি?

পরের সম্পদ কেন লুণ্ঠন?
কেন মানুষের এই নিপীড়ন?
জুলুম অন্যায়ে ভরেছে দেশ,
কেন শোষণের নেই কোনো শেষ?

অন্যের মতে কেন এতো রোষ?
সাম্প্রদায়িক বিষে বাড়াও যে দোষ।
অমুসলিম কেন নয় নিরাপদ?
কেন তবে বাড়ে শুধু বিপদ?

রাষ্ট্রের পতিও তো মুমিন জন,
কেন তবে অনিরাপদ জনগণ?
ইসলাম সাম্য শান্তির দেশ,
তবে কেন বৈষম্য হয় না কো শেষ?

মুমিন কি তবে আজ এই কাজে রত?
ইসলামের গায়ে কেন এত ক্ষত?
সত্যের পথে আজ ফিরে এসো ভাই,
ইনসাফ ছাড়া কোনো মুক্তি যে নাই।

----------------------------------------

Thursday, May 21, 2026

বাঁচাও নিজের শান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

শোনো রে ভাই, শোনো রে ইনসান, ত্যাজ করো সংশয়,
মিথ্যা রটনা জঘন্য পাপ, নহে বীরের জয়!
দেখোনি চক্ষে, শোনোনি কর্ণে, তবুও দিচ্ছ সাক্ষ্য?
কেয়ামত দিনে মিথ্যেবাদীর বাঁচিবে না কোনো লক্ষ্য!
প্রত্যক্ষদর্শী না হয়েও যারা সাজে প্রত্যক্ষদর্শী
জেনে রেখো মনে, তারা দুনিয়ার সবচাইতে বড় দোষী!
যে চরম মিথ্যাচার!
যে ঘোর অন্ধকার!

সাবধান আজ! সাবধান ভাই! অহেতুক সন্দেহ করা
ছাড়ো এই গ্লানি, তবেই হবে রে পাপের সাগর তরা।
সন্দেহবশত কথা বলা মানেমিথ্যার বিষ মাখো,
জঘন্য এই পাপ হতে ভাই নিজেকে বাঁচিয়ে রাখো!
ঘৃণ্য সে কাজ!
জঘন্য লাজ!
কেন করো মিছে গোয়েন্দাগিরি পরের কুৎসা খুঁজি?
পরনিন্দা কি তোর জীবনের শেষ সম্বল পুঁজি?
ছিদ্রান্বেষণ করো না রে ভাই, দেখো না পরের ত্রুটি,
নিজের আমল করো রে খালাসপাপ থেকে নাও ছুটি!

কারো ব্যাপারে ঘৃণা পোষণ করা যে মহাপাপ,
পড়বে মাথায় আল্লাহর গজব, জুটবে কঠোর তাপ!
বিশ্বাসভঙ্গ করো না কভু
সহিবেন না মোদের প্রভু!
ভুলে যাও সব ছোট-বড় ভেদ, নজরুলের ওই তানে
ইসলামি এই সাম্যের গান বাজুক সবার প্রাণে।
আল্লাহর মোরা গোলাম সবাই
মোরা যে ভাই ভাই!
মিলেমিশে এক করো রে জীবন, গাহো শান্তির গান,
মুমিন হয়েই থাকো রে ধরায়বাঁচাও নিজের শান!

-------------------------------------------------------------