Sunday, November 17, 2024

জেনে রেখো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১১-২০২৪ ইং

**********************

এতোদিন অপেক্ষা করেছি, শুধু অপেক্ষা করেছি একাই,

স্মৃতির কঠিন পাথরে আজো যেন সেই ছবি দেখতে পাই।

 

কত তরঙ্গ তনুর তিমিরে নিয়ত হানিছে আঘাত,

এই কন্না কেউ শুনতে আসেনি যন্ত্রনার বহু রাত!

প্রাপ্য প্রেম পাইনি কখনো এই পৃথিবীর প্রান্তরে,

নির্মম ক্লেদে মাথা রেখে রাত্রি কেটেছে শুন্য শিয়রে।

 

এই অপেক্ষা আর কতোকাল আর কতোটা প্রহর,

কিছুটা তো শুনতে চাই-হউক সে মিথ্যে কোন সুর।

অবুঝ মন পূর্ণিমা না পাক তবুও তো চাই সামান্য ঠাঁই,

কিছুটা তো চাই শুব্র কাঁশ ফুলে ফুলে হারিয় যাই।

 

হয়তো আর কিছুদিন নয়তো নয় কোনদিন-

আর অপেক্ষায় থাকবো না এই নশ্বর জমিন।

যদি ডাক এসে যায় যদি হারিয়ে যাই অন্য কোন কাননে,

জেনে রেখো অধির অপেক্ষায় ছিলাম এই সুন্দর ভুবনে।

------------------------------------------------

 

Thursday, November 14, 2024

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

তোমার এসেছো, শুরু হলো আজ মানবিক অধ্যায়,

হে মানবিক বীর, কাঁদবে না কোন প্রাণ এই ধরালয়।

 

মানুষই মানুষের জন্য উদ্দাম ভয়হারা মুক্তির বিপ্লবে,

স্যালুট হে তোমাদের মানব কল্যাণের এই কলরবে।

তোমরাই তুলেছো ঝড় আজ রক্তে রক্তে সাড়া,

আর কাঁদবে না কোন প্রাণ এই অসহায় বসুন্ধরা।

 

সু-স্বাগতম হে দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা-

মুক্তির প্রদীপ উঠেছে জ্বলে অমানবিক অবরুদ্ধ রাস্তা।

অসহায় গরীব দুঃখী যেন উঠেছে হেসে অশ্রুজল ‍মুছে,

একই সূত্রে বাঁধা হয়ে গেছে তোমাদের প্রেমেরে কাছে।

 

তোমাদের খরব পৌঁছে গিয়েছে মানবতার দ্বারে দ্বারে,

হে মানবিক বীর, কভূ থামবে না এই যুদ্ধের সমরে।

সেবার ভ্রতে বজ্র কণ্ঠে বলে যাও উদাত্ত আহ্বানে,

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থা এসেছে মানবতার উত্থানে।

 

সেবার উদ্দাম ধ্বনিতে মুখরিত করো সংস্থার প্রাণ,

অবহেলিত -বঞ্চিত –মানবেরা যেন শুনে মুক্তির গান।

রক্তিম অভিবাদন তোমাদের মানবিক যুদ্ধের ময়দান,

দূর্গাপুরের সমাজ কল্যাণ সংস্থাকে করো গড়িয়ান-মহিয়ান।

-------------------------------------

 

আগের মতই আছ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

সেই কবে এসেছিলাম! এখনো আগের মতই আছ!

আগের মতই সবুজ চাঁদরে জীবন স্বপ্নের কবিতা রচ।

 

সেই স্মৃতিরপটে ফিরে যেতে ভাল লাগে আজও,

এখনো সজিব মনে হয়, এখনো প্রত্যহ ছুঁয়ে যাও।

এখনো সেই ধূলো বালিগুলো কুশল জিজ্ঞাসা করে,

এখনো গুরুজনের আলোক রশ্মি জ্বলে উঠে অন্ধকারে।

 

সেই কবে এসেছিলাম! এখনো দেখি তুমি সেই সূরভী!

চুপি চুপি পাশে এসে মুচকি হেসে বলে যাও- হে কবি!

এখনো আগের মতই আছ! জ্ঞানের মশাল হাতে নিয়ে,

ঠিক যেন প্রভাতের রবি হয়ে বলে যাও নির্ভয়ে!

 

তুমি ছিলে বলেই জয় করেছি এই পৃথিবীর অন্ধকার,

ভালবেসেছিলে বলেই আমি হয়েছি তোমার অহংকার।

আবার এসেছি ফিরে সেই স্মৃতিপটে নব উজ্জীবনে,

এখনো আগের মতই আছ যেমন ছিলে ফুল কাননে।

 

ধন্য হে আলোকিত সুন্দর !

আঁধার হতে আলোতে এসেছি তোমার পরশে নিরন্তর।

এখনো আগের মতই আছ! দীর্ঘ্ প্রহরে এই অন্তর,

হে প্রিয় বিদ্যাপীঠ, তুমি অবিনশ্বর যুগ হতে যুগান্তর।

------------------------------------------------

তোমার কাছে এসে আমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

তোমার কাছে এসে আমি জ্ঞানের প্রদীপ চেয়েছি,

এ বুকে ধুলো মাখা শরীর নিয়ে দুরন্তপনায় মেথেছি!

 

শাসন সোহাগের চাঁদরে আবৃত থেকেছি কাননে,

আঁধার হতে এসে তোমাকে চিনেছি অবুঝ মননে।

আজো সেই স্মৃতিগুলো নিয়ে যায় বকুলের ছায়া তলে,

যেথায় তুমি ছিলে,শুধু তুমি ছিলে আলোর মিছিলে।

 

এখনো সেই শিক্ষার দেশলাই মুক্তির দিশারী হয়ে,

রাত্রির পথে জ্বলো পথিকের নিশানায়- এ ধরালয়ে!!

তুমি এক মৃত্যুঞ্জয়ী আলোক রেখা শুন্যতার বুকে,

তোমার পরশেই সত্যকে জেনেছি শিহরণ পুলকে।

 

তুমিই দিয়েছো মুক্তির বিদ্যা,তুমিই করেছো গড়িয়ান,

এই তোমারে ভুলি কি করে আলোক জীবনের উত্থান!

তোমার প্রেমেই হারিয়েছি আমি,হারিয়েছি এই প্রাণ,

তাইতো বারে বারে আসি ফিরে  বিদ্যালয়ের উদ্যান।

 

তোমার কাছে এসে আমি জীবনের পথ চিনেছি,

তোমার প্রেমে আমি কবি হয়েছি কবিতাকে বুঝেছি।

------------------------------------------------

তবু এর নাম অনুভূতি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৪-১১-২০২৪ ইং

**********************

এই সবুজ চত্ত্বরেই উঠেছিল শিশিরের সোনালী রবি,

একটু তাকালেই মনে হতো যেন ঝিনুক মুক্তার ছবি!

 

আজো ভেসে উঠে সেইদিন গুলো স্মৃতির মনিকোঠায়,

অবুঝ মনের স্পন্দনে যারে খুঁজেছিলাম নিয়ত ধরায়।

সামান্য তাকালেই দেখা যেত জুঁই -চ্যামেলী -গোলাপ,

সে ফিরে তাকাতো না, সে বুঝতো না হৃদয়ের সংলাপ!

 

তবু কি এক অদ্ভুদ দৃষ্টি ছিল এই প্রাঙ্গনের চারিদিকে,

এই বুঝি শিমুল পলাশ এসে বলল ভালবাসি তোমাকে।

জানি বসন্ত আসেনি এখনো তবু শুনেছি কোলিকের সুর,

হারিয়ে গিয়েছি হৃদ কম্পনের তালে তালে দূর-বহুদূর!

 

তবু চেয়েছি ফিরে আসতে কভূ ফিরে আসতে পারেনি,

এক অবুঝ উম্মাদনায় বারে বারে পুড়েছি নশ্বর ধরণী।

তবু চেয়েছি এই উদয়াস্ত আমি দেখি পূর্ণিমার শুভ্রতাকে,

যতই বিরহ –ভাবনার মতো নিরন্তর দুলে যেতে থাকে।

 

তবু এখানে এক অনুভূতির স্বর্গ্ নিয়ত ডাকে,

জ্বলন্ত চুল্লির দাউ দাউ আগুনের নির্দয় শাসনের ফাঁকে।

মর্মমূলে বিঁধে আছে শত বিদ্রাহী ঘাতকের বিষাক্ত তীর,

তবু এর নাম অনুভূতি! এর নাম ভালবাসা হৃদয় মন্দির।

------------------------------------------------

 

Wednesday, November 13, 2024

এক টুকরো রৌদ্দুর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৩-১১-২০২৪ ইং

**********************

 

হৃদয়ের তরঙ্গ হতে কত যে খুঁজেছি নিঃসঙ্গ ধরাতে,

ওগো কত বছরে পরে এলে তুমি এ পৃথিবী রাঙাতে !

 

অনেক ঘুরেছি আমি এক টুকরো রৌদ্দুর আশাতে,

সোনালী ঊষা খুঁজেছি শিঁশির ভেজা হিমেল শুভ্রতে।

আর তুমি হারিয়ে যেতে দূর অন্ধকারে ধূসর জগতে,

তবু দেখেছি আমি এক ফালি পূর্ণিমার চাঁদ- তোমাতে!

 

তাইতো ফিরে আসি, বারে বারে ফিরে আসি এ ধূলাতে,

ফিরে আসি ম্মৃতিময় তরঙ্গে লেখা হৃদয়ের কবিতা’তে।

এতো স্মৃতি! এতো ছন্দময় মহা- কাব্যের চরন,

হবে না  শেষ কোনদিন, জীবনের সমুদ্র সফেন!

 

এখানে অনেক প্রেম! তবুও  বিরহ ব্যদনায় সজ্জিত,

তবু আমি অনেক আলোর সমহারে আজ প্রজ্জ্বলিত !!

এখানে বারে বারে আসি, প্রেমের আলো নিতে আসি-

তুমিই ছিলে আমার প্রথম প্রেম- তোমাকে ভালবাসি।

 

এক টুকরো রৌদ্দুর পেয়েছি আমি এ বিদ্যাপীঠের ঊষা!

বল না, কি করে ভুলি তারে? সে যে দিয়েছে জ্ঞানের দিশা!

সোনালী রবির মতো চোখ তোমার হে প্রিয় প্রাঙ্গন,

অন্তরে নিয়েছি তোমায়  প্রেমের চির কল্লোল-কলতান।

-------------------------------------------------

 

বহুদিন পর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৩-১১-২০২৪ ইং

**********************

বহুদিন পর অবশেষে জুঁই ফুল কাননে ফুটিল,

বসন্ত শেষ হয়ে এল, জুঁয়ের গন্ধ বাতাসে জাগিল!

 

পাঁপড়ি ছড়ায়ে জানাল অফুরান ব্যাকুল হয়ে আছে,

ভ্রমর যদি সোনালী প্রভাতে আসে একটু কাছে।

এখনো নিত্য উঁকি দেয় পূর্ণিমা রাত্রির আকাশে-

ছুঁতে গেলেই অদৃশ্য হয় যায় শুব্র কাশে কাশে!

 

এক অনুভূতির তরঙ্গে ক্ষণে ক্ষণে শিহরিয়ে উঠে,

তবু অধরা! তবু ছুঁতে চায় সেই পূর্ণিমার ঠোঁটে।

সারাটা সকাল, সারাটা বিকেল আর সন্ধ্যা লগ্নে,

অধীর প্রহরে বসে থাকা ঝিলের ধারে নিঁপুন মগ্নে।

 

বহুদিন পর অবশেষে জুঁই ফুল কাননে হাসিল,

সে কোন কিছুই  বলতে পারেনি- যদিও চেয়েছিল,

শুধু দিয়েছিল রাঙা ঠোঁটে এক ঝলক হাসি,

ফুলের সেই পাঁপড়ি এখনো দোলে হৃদয়ে আসি।

 

বহুদিন পর অবশেষে  জুঁই ফিরে এল প্রেমের কাননে,

শুন্য হৃদয়ে ফুটিল ,আবার ফুটিল গোধূলীর নিমন্ত্রণে।

------------------------------------------

Saturday, November 9, 2024

সে এক অপার অনুভূতি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৯-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এতটা হৃদয়  কিংবা এতটা উম্মদনার প্রয়োজন নাই ,

কিছুটা শ্রদ্ধবোধ,কিছুটা নিঁখুত প্রেমের মাধবী চাই।

 

তবে কিছুটা আঘাত কিছুটা অবহেলা চাই প্রত্যাখান,

যদিও প্রেমই  কিছুটা যন্ত্রণা  ফিরে দেয় এই প্রাণ।

তবু এই বিরহ অনলে কিছুটা স্বর্গিয় সুখ থেকে যায়,

যদিও রক্ত ক্ষরণের প্রবল ঢেউ উঠে হৃদয় কিণারায়।

 

সে এক অপার অনুভূতির অদৃশ্য খেলা,

এখানে নেই কোন দিগন্ত রেখা-কোন বেলা।

হৃদয়  চিরকাল বাধাহীন বিচারিক এজলাসে,

তাই প্রেম ফাঁসির  মঞ্চে মৃত্যুঞ্জয়ী- অবিনাশে!

 

 

ব্যথাতুর প্রাণের উথরোলে অঝোর অশ্রু ঝরে,

তবু অন্তর তারে খুঁজে ধুঁ ধুঁ বালুচরে তপ্ত ঝড়ে!

অসীম যন্ত্রণা তবু বিষে দহনেপুড়ায় নিজেকে,

কভূ নেই অভিযোগ ,রাগ অনুরাগ- তোমাকে!!

 

সে এক অপার অনুভূতি ! কিছুটা লাল তীব্র আগুন!

সে এক মৃত্যুঞ্জয়ী তরঙ্গ এই অবুঝ হৃদয়ের স্পন্দন।

------------------------------------------------

Friday, November 8, 2024

সত্যি বলছি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ৮-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

সত্যি বলছি জানি না, কি এক ক্ষুধা ও তৃষ্ণায়-

এরূপ উম্মাদ পাগলের মত ডেকেছি তোমায়।

 

আলো কি আঁধার ভেবে দেখিনি উত্তাল তরঙ্গময়,

খুব করে সাঁতার কাটতে চেয়েছিলাম আনন্দময়!!

ভুলেই গিয়েছিলাম এই সাগর জলে-

প্রবেশ অধিকার হায়েছি সেই কবে-কোন কালে!

 

হয়তো বিপুল তৃষ্ণায় ভুলেগেছি নর্দমার কীটকে

হয়তো খেয়েছি মুধু ভেবে আত্নহত্যার বিষকে!

কতটা জগন্য হলে নিষিদ্ধ ফল খেতে চেয়েছি,

ফুলের পাঁপড়িগুলো ছিড়তে চেয়েছি-তা কি ভেবেছি?

 

কভূ বেশ্যা ভাবিনি!অপমানও করিনি-

হয়তো ভালবাসার কারনেই -এ যে অপরাধ বুঝিনি।

যখনই বুঝেছি,

তখনই প্রতীক্ষা করেছি

 

যেখানে অধিকার নেই সেখানে শুধুই ধুঁ ধুঁ বালুচর,

হয়তো কোনদিন তৃষ্ণা মিটাতে যাবে না এ পিঞ্জর।

ক্ষমা করো হে সাগর -নদী জল

তোমার জলে তৃষ্ণা মিটাবো না আর এ নশ্বর।

-------------------------------------------

Thursday, November 7, 2024

প্রেমের হিমেল চাই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৭-১১-২০২৪ ইং

**********************

ভালবাসা যদি ক্ষমা করতে না জানে অপরাধ,

সে কভূ পারে না হতে প্রেমের ঊষা মন জগত!

 

হৃদয়ের কাছে চেয়েছি শুধু গোলাপ চেয়েছি,

সে দিয়েছে শুধু ছলনার ফুল যত কাছে গেয়েছি।

ভালবাসা যদি ক্ষমা করতে না জানে অপরাধ,

স্বর্গিয় প্রেমও মনে হয় মৃত্যুর পরোয়ানা জল্লাদ।

 

শুভ্রতাই প্রেমের দিপালী, সেও যদি না জানে,

স্বর্গিয় প্রেমিকা হয় কি করে -পুষ্পিত কাননে?

ভালবেসে না হয় ভুল করে সুখ-স্বর্গ্ চেয়েছি,

তবু তো শুধাতে আসেনি প্রেম! ‍যদিও বলেছি!

 

অনল জ্বলিছে হৃদয় চুল্লিতে, প্রেমের হিমেল চাই,

অপরাধের দহনে পুড়েছি,মুক্তি কি তার নাই ?

-----------------------------------------

 

হেরে যাওয়া যদি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৭-১১-২০২৪ ইং

**********************

আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,

হউক না সে পরাজয় বারে বার এই ধরাময়।

 

আগুনে পুড়িয়ে দাও  গোলাপ ফোটাবো,

অঝোর ঝর্ণা ধারা দাও নদীর প্রবাহ হবো।

খুঁজে ছিলাম যুগল পাহাড়ে অমৃতের স্বাদ,

পেয়েছি আমি দুই ঠোঁটে একজোড়া চাঁদ।

 

ছেড়েছি নৌকা আমি উথরোল বঙ্গোপসাগেরে,

অথৈ জলে ডুবিবো ভাবিনি আশ্বিনের ঝড়ে!

চেয়েছি শিউলি বোঁটা থেকে চুষে নেবো রস,

এখন পেয়েছি চিতার যন্ত্রণা আগুনের পরশ!!

 

আমার হেরে যাওয়া যদি তোমার বিজয় হয়,

হরষে গোলাপ ফোটাবো কাননে মধুগন্ধময়।

অনুভূতিগুলো বিন্দু বিন্দু জমে জেনেছে তোমায়,

তাই প্রেমের কলিগুলো পুষ্পিত করেছি এ হৃদয়।

--------------------------------------------