Wednesday, February 27, 2019

কোকিল সেথায় কাক




                               কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কত যে আছে আজব প্রাণ, হরেক রকম বেশ,
দুর্বলেতে বেজায় চটে, শক্তে পালায়  শেষ!
ক্ষমতা যেথায় রাঙ্গা চক্ষু কোকিল সেথায় কাক,
ছোবল মারে দিন দুপুরে হিংস্র চিলের ঝাঁক !
যে সুশীলের বিবেক হারায়, ক্ষমতা অর্থ্ দেখে;
মিথ্যারা পায় ঘি অয়েল- ন্যায় নিষ্ঠ রেখে !
সূর্যের আলো কালো যেথা, তুফান লাগে জুড়ে;
পরের দোষে তুষ্ট দেখায়, আপন ভুলে দৌড়ে!
বিবেক তার বিবেক ফেলে, উপর দিকে চেয়ে
মিথ্যাটাকে বিজয় করে, কারো না কারো ভয়ে !
প্রতিবাদী তার  প্রতিবাদ ভুলে চুপসে আছে একা;
ক্ষমতার দম্ভে স্বৈর ঘোড়া করছে দৌড়ে ফাঁকা !
রাজার হাতে অস্ত্র গুলি, সৈনিক দলে দলে;
রক্ত গঙ্গায় ভাসে মানুষ,মাছেরা খায় পেলে!
দোসর  সে তেড়ে এসে, যুদ্ধের গান গায় ;
মুক্তি আর স্বাধীনতা ছদ্মবেশী খায় !
বহুরূপের রূপের কথা বলবো কত আর;
ওরাই খায়, ওরাই নেয়, জনতা হাহাকার !
গণতন্ত্র মেরে মেরে রাজা হেঁটে চলে;
ক্ষমতা আর দম্ভে অধিকার সব ভুলে ।

ক্ষমতা যেথায় রাঙ্গা চক্ষু কোকিল সেথায় কাক,
ছোবল মারে দিন দুপুরে হিংস্র চিলের ঝাঁক !

------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অসম প্রতিযোগীতা


                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আপনার র্দুবলতাকে না ভেবে পরের সন্ধানে ছুটেছে,
নিত্যকায় মানুষেরা প্রাণে প্রাণে গীবতের কাব্য রচিছে।
মানুষ আর মনুষ্যত্তের পবিত্র গুণাবলীর ধারে
এক বাতিলি মন্ত্র বাজে ঝঙ্কারে ঝঙ্কারে ।
সমাজের চারিদিকে শুধু প্রতিশোধের নেশা,
হিংসের দাবানল, মিথ্যে আর মিথ্যে ঠাসা।
যে প্রাণগুলো গিয়েছে লড়ি,
জাতিকে দিয়েগেছে স্বাধীনতার তরী,
লক্ষ শহীদ রক্তদানে লাল-সবুজের বাংলাদেশ
এক প্রতিহিংসার ভেদাভেদ করেছে নিঃশেষ,
মানবিক প্রাণের সিংহদ্বার
লোভ লালসা ঘিরে আছে অদম্য দুর্বার !
অসম প্রতিযোগীতা মানুষে মানুষে,
প্রাপ্য মর্যাদা দিতে ভুলে গেছে সব জাতিধর্ম-নির্বিশেষে,
সাদা-কালো একই মিছিলে তুলেছে শ্লোগান.
অমৃত চাই, আমার অমৃত চাই, শুধু আমারটা চাই…
যত আছে হিংসে- হিংস্র প্রাণ !
গেয়ে যায় শুধু আপনের গান ।
আজ আর শুনি না মানুষের মনুষ্যত্তের ধ্বনি
প্রেম নেই, ভালবাসা নেই,আছে শুধু নিষ্ঠুর প্রাণখানি!
প্রতিহিংসার বট বৃক্ষ তলে হিংস্র ঘাতক ভন্ড সাধক,
দলে দলে নিভেছে শ্রেষ্ঠ মানবের উজ্জ্বল আলোক।
এ মানুষের প্রাণ,কত যে করেছে জয়,
আজ কেন নয় ? কেন এতো অবক্ষয়?

অসম প্রতিযোগীতা মানুষে মানুষে,
প্রাপ্য মর্যাদা দিতে ভুলে গেছে সব জাতিধর্ম-নির্বিশেষে।

-----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হে জ্ঞানের পথিক




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও, সাড়া দাও তুমি ।

তোমাকে চাই, বীরদর্পে চাই অন্ধে জ্বল হে তারা,
এখনি জেগে ওঠ, জেগে ওঠ হে জ্ঞানের মধ্য মণি;
তুমি তো সেই , ভাবিনা কভূ পরাজয়ের ব্যর্থ্ গ্লানী !
অবিচল তুমি, শিক্ষা রণের দুর্বার সেনা দল..
বিজয় তোমার নিকট দুয়ার এবার চলরে চল ।
দুর হল আঁধার, হাসল গগণ, জাগল ধ্রুব তারা
কে বলেছে রাত্রি তোমরা, খুশীতে আত্মহারা !
তোমার বিজয় দীপ্তরবির আলোক বিথারি পথ
স্বপ্ন পিতার, মাতার গানে ,তোমারই মনোরথ ।
পারবে ,পারবে ,পারবে তুমি নবীন দীপ্ত প্রাণ—
তোমরা ওগো জ্ঞাণের কলি আগামী সুবাস ঘ্রাণ ।
নেই, নেই ,ভয় নেই- ওগো প্রাণের সোনামণি;
পড়, পড়, এগিয়ে চল বাজাও মায়ের ধ্বনি ।
ছুটেছে নবীন বিদ্যা পিঠে বই খাতা কলম হাতে
আয় তোরা আয় দেখরে সবে
ফুটেছে কলি, ফুটেছে কলি
জাতির আঁধার রাতে !
তোর আগামী, শক্তি মায়ের, যুদ্ধ রণের আলো..
পণ করছে রাখবে মান, ভাঙ্গবে তারা কালো।

হে জ্ঞানের কলি ! হে জ্ঞানের পথিক সাড়া দাও
সাড়া দাও , সাড়া দাও তুমি ।

------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।..