Monday, January 26, 2026

হায় রে রাজনীতি

 হায় রে রাজনীতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

হায় রে রাজনীতি!
কে তুই?
রক্তের উপর দাঁড়িয়ে শাসনের দাবিদার?
স্বাধীনতার মুখোশ পরে পরাধীনতার কারিগর?
বল্—
কে দিল তোকে মানুষের ঘাড়ে পা রাখার অধিকার?

আমি দেখি—
ন্যায়ের বুকে তোর খঞ্জর,
নীতির চোখে তোর অন্ধকার!
নেতৃত্ব কেন আজ জল্লাদ?
রাষ্ট্র কেন দুর্নীতির কসাইখানা?
উত্তর দে রাজনীতি!

কে ভাইয়ে ভাইয়ে ঢালে বিষ?
কে পাড়া-মহল্লা ভাগ করে দেয় আগুনে?
কে সাম্প্রদায়িক দাঙ্গায় লেখে ক্ষমতার ইতিহাস?
তুই না—
তুই-ই তো!

আমি দেখি স্বৈরতন্ত্র,
আমি শুনি মবতন্ত্রের হুংকার,
আমি গুনি দুর্নীতিন্ত্রের দাঁত,
আমি চিনি ফ্যাসিবাদের মুখ!
এ কোন শাসন?
এ কোন সভ্যতা?

বল্—
কেন বন্ধু আজ শত্রু?
কেন বিচারক আজ জুলুমবাজ?
কেন মজলুম আজ আসামি,
আর জালেম আজ মসনদের মালিক?

ধর্ম কেন তোর ব্যবসা?
ঈমান কেন তোর পণ্যের নাম?
মসজিদ-মন্দির কেন তোর ক্ষমতার বিজ্ঞাপন?
মিথ্যার মঞ্চে বসে কেন গাইস উন্নয়নের গান?

গুম কে করে?
হত্যা কে করে?
রাহাজানি, লুণ্ঠন, অরাজকতার অবাধ চাষ—
কার শাসনে হয়?
চুপ কেন রাজনীতি?
জবাব দে!

আমি শুনি—
স্বাধীনতা আজ শিকলবন্দি,
স্বাধীনচেতা কণ্ঠ আজ কারাগারে!
আমি দেখি—
দিকে দিকে রক্তের বন্যা,
ভয়ের রাষ্ট্র, মিথ্যার সাম্রাজ্য!

তাহলে শোন—
আমি বিদ্রোহ!
আমি সেই কণ্ঠ
যাকে টিপে ধরলে বিস্ফোরিত হয় ইতিহাস!
আমি প্রশ্ন—
আমি আগুন—
আমি বজ্র!

আমি বলি—
যে রাজনীতি মানুষ খায়,
সে রাজনীতি বাঁচার অধিকার হারায়!
যে শাসন ন্যায় হত্যা করে,
সে শাসন একদিন নিজেই রায়ের কাঠগড়ায় দাঁড়ায়!

যেদিন জনতা জাগবে—
ভয় ভাঙবে, গুজব মরবে,
বিবেক হাতে রাস্তায় নামবে—
সেদিন তোর সব মুখোশ
ধুলোয় মিশে যাবে!

সেদিন মানুষ আবার মানুষ হবে,
আর রাজনীতি—
হয় ন্যায়ের পথে ফিরবে,
নয়তো ইতিহাসের আগুনে পুড়ে ছাই হবে!
-----------------------------------------------------


২৬-০১-২০২৬

No comments:

Post a Comment