Thursday, January 22, 2026

ভোট দাও হে নিজ বিবেকে

 ভোট দাও হে নিজ বিবেকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
জাগো হে বাঙালি, জাগো—
নিদ্রাভাঙা ভোরে জাগো বিবেকের ডাকে,
ভোট দাও হে নিজ বিবেকে,
হুজুগে নয়, ভয়েতে নয়,
সত্যের দীপ্ত আলোর পথে হেঁটে।

কে বলল হ্যাঁ, কে বলল না—
সে কথা নহে বিচার্য আজ,
দল নহে মুক্তির চাবি,
নয় বেহেস্তের সোনালি দরজা;
যোগ্যতা, ন্যায় আর দেশপ্রেম—
এই হোক তোমার মাপকাঠি, রাজ।

যে নেতা ন্যায়পরায়ণ,
যার বুকে মাটির গন্ধ, মানুষের টান,
যে দেখে দেশকে মায়ের মতো,
সে-ই হোক তোমার অধিনায়ক, তোমার মান।
দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী
কভু পারে না হতে দেশের কর্ণধার,
তার মুখে যত মধুর বাণীই ঝরুক,
সে বিষধর, সে অন্ধকার।

বিবেককে প্রশ্ন করো, গভীর প্রশ্ন করো—
কে সে, যে ন্যায়ের পথে অবিচল দাঁড়ায়?
কে সে, যে ক্ষমতার নেশায় নয়,
মানুষের দুঃখে বুক ভাঙায়?
তাকেই ভোট দাও, তাকেই মানো,
এই হোক তোমার দৃঢ় শপথ আজ।

এ দেশ তোমার, এ ভোট তোমার,
নেতাও তোমার নির্বাচিত পথ,
ভীরুর মতো নয়, নাগরিক হয়ে
উচ্চ করো অধিকার-শপথ।
কোনো হুজুগে যেও না তুমি,
মিথ্যা স্লোগানে দিও না মন,
যারা বলপ্রয়োগে পথ রোধ করে—
বজ্রকণ্ঠে রুখে দাও তাদেরই তখন।

জাগো হে বাঙালি, জাগো আবার—
কলমে, কণ্ঠে, ব্যালটের ঘায়ে,
নজরুলের বজ্রধ্বনি বুকে নিয়ে
ভোট দাও সত্য, ন্যায় আর স্বাধীনতায়।
---------------------------------------------


২২-০১-২০২৬

No comments:

Post a Comment