Showing posts with label বিরহের কবিতা. Show all posts
Showing posts with label বিরহের কবিতা. Show all posts

Thursday, June 25, 2026

যে চলে গেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

**********************************

যে চলে গেছে,
তাকে আর খোঁজ না ধুলোবালিমাখা স্মৃতির চরাচরে।
হৃদয়ের গভীরতম গহীনে
তাকে আর দিও না ঠাঁই।

সে আর আসবে না ফিরে
তোমার এই অশ্রুঝরা, রক্তাক্ত চোখ দেখেও
তার পাষাণ মন গলবে না রে।

সে শুধু তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে অবহেলায়,
অপমান আর অপদস্তের তীক্ষ্ণ কাঁটায়
বিঁধবে তোমার খাঁটি মন।

জেনে নিও তুমি
সে এক চরম অহংকারী,
প্রেমের পবিত্র ভাষা বুঝার মতো হৃদয় তার নেই।
সে কোনোদিনই তোমার যোগ্য ছিল না,
অথবা সে কখনোই তোমার জন্য তৈরি হয়নি।

ধুলোর পথ ধরে
তার পথে তাকে চলে যেতে দাও,
তুমি ফিরে এসো
তোমার নিজের চেনা আলোর পথে।

সে তোমাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে,
সে নিদারুণ নির্মমতায়
হত্যা করবে তোমার এই অবুজ হৃদয়।
সে তো আলোর কেউ নয়
সে এই নিকষ আঁধারে এক অশুভ, কালো শক্তি!

সাবধান!
ওগো অনুরাগী, সাবধান!

নিজের ভেতরের আলোটাকে এবার একটু মূল্য দাও,
এমন অপাত্রে
তোমার পবিত্র আলো আর বিলিয়ে দিও না।

সে যদি নিজেকে মনে করে এক অহংকারী পূর্ণিমা,
তবে মনে রেখো
তুমি তার জীবনদায়ী সূর্য!
সুতরাং, তুমি তার চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ,
অনেক বেশি মহান।

তোমার এই ব্যাকুল হৃদয়ে অতল প্রেম আছে,
কিন্তু সেই ভাষার গভীরতা
মাপা বা বোঝার ক্ষমতা তার নেই।
সে এক অজ্ঞ, বধির, অন্ধ, কানা
আর হৃদয়হীন এক অহংকারী ডাইনী!

যে একবার চলে গেছে,
সে কোনোদিনও তোমার ছিল না।

যে ফুল বৃন্তচ্যুত হয়ে ঝরে গেছে মাটির বুকে,
তাকে আর পরম যতনে
তুলে নিও না মনের ফুলদানিতে।
সে ফুলদানির শোভা নয়,
সে তো জ্বলন্ত চিতার অনল!

তোমাকে পুড়িয়ে পুড়িয়ে,
নিভৃতে, নিঃশব্দে
ধ্বংস করাই তার স্বভাব।

তার মায়া ত্যাগ করো
তুমি সূর্যের তেজে জেগে ওঠো আবার,
নিজের পথে।

------------------------------------------------------------------------

সে তো শুধু এক ছলনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************

মনে কি পড়ে না সেই প্রথম দেখার রাত?
অলৌকিক এক আলোয়
যখন আঙুলের ফাঁকে জড়িয়ে ছিল বিশ্বাসের হাত।
তুমি তো চেয়েছিলে এক চিলতে পবিত্র রোদ,
বিনিময়ে আজ
কেন এই অবহেলার নির্মম প্রতিশোধ?

যে ভালোবাসা
হৃদয়ের স্পন্দনকে সম্মান দিতে জানে না,
মর্যাদা দিতে শেখে না,
বলো তাকে কোন সাহসে ভালোবাসা ডাকো?
সে তো শুধু এক ছলনা।

ভালোবাসা তো ছিল দুহৃদয়ে এক অদৃশ্য কাঁপন,
এক পবিত্র অনুভূতি!
সেখানে লোভ ছিল না,
ছিল শুধু নিঃশর্ত সমর্পণ।
সে এক দীর্ঘ পথ,
এক দীর্ঘ স্নায়ুযুদ্ধের দুর্গ,
যার ছিল না কোনো হিসেবি দেয়াল বা জ্যামিতিক মাত্রা।

অথচ আজ
তুমি সঁপেছিলে তোমার মেঘলতা চুলের সুবাস,
বিনিময়ে পেলে শুধু
এক বুক খাঁ খাঁ দীর্ঘশ্বাস।
যার জন্য তুমি কেঁদেছ ভাঙা চাঁদের আলোয়,
একাকী নিঝুম রাতে,
সে তো মগ্ন ছিল অন্য কোনো ঠাণ্ডা হিসেবের অজুহাতে।

যে চুক্তিতে আজ সম্মান নেই,
শ্রদ্ধার চাদরটুকু গেছে ছিঁড়ে
সেখানে প্রেম পরাজিত।
তবে কেন আর মিথ্যে মায়ায় কাঁদছ তার ভিড়ে?

পরাজিত সৈনিকের মতো
আর কতকাল দাঁড়িয়ে থাকবে দ্বারে?
কতটা রক্তক্ষরণ হলে
তবে ক্লান্তি আসবে তোমার এই জখম মনে?
ছুঁড়ে ফেলো সেই মরীচিকা,
ফিরে এসো নিজের চেনা নির্জন পথে,
নেমে এসো আজই
এই অপমানের জ্বলন্ত লোহার রথ থেকে।

চোখের জল মুছে
একবার তাকাও ওই নীল আকাশের পানে,
যে তোমার প্রেমের পবিত্রতাই বোঝেনি কোনোখানে
আজ বুক চিরে এই পরম সত্য মেনে নাও,
সে কোনোদিনও তোমার ছিল না!
তার ঠোঁটের শেষ হাসি, শেষ নরম স্পর্শ
সবটুকুই ছিল কেবলই এক ছলনা।

------------------------------------------------------------------