সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের মাঝে আল্লাহ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

জাগো ইনসান! জাগো ইনসান!
বুকে নাও রে আল-কোরআনের ফরমান!
মানুষের সেবাতেই মিলবে রে আল্লাহ
এই তো আসল দ্বীন, এই তো রে ঈমান!
জাগো ইনসান! জাগো ইনসান!

 

জাগো রে ওরে গাফেল মুমিন, জাগো রে মহীয়ান!
বুকেতে তোদের গুমরে কাঁদছে আল-কোরআনের গান!
ভুলিয়াছিস কি আল্লাহর আরশ, ভুলিয়াছিস কি দ্বীন?
মানুষের তরে কাঁদেনি যে দিল, সে তো নহে খাটি মুমিন!

আশরাফুল মাখলুকাত সে
আল্লাহর শ্রেষ্ঠ দান!
ইনসানিয়াত হারালে মানুষ
পশুও লজ্জিত হন!

কোরআনের বাণী শোনো ওরে ভাই, সুরা মাউনের শ্লোক
এতিম-মিসকিন তাড়ালে যাহারা, জাহান্নামীদের লোক!
তসবিহ টিপিয়া আঙুল ক্ষয়িলি, সেজদায় দিলি চোট
মানুষের বুকে লাথি মেরে ভাই, ওরে সব ভন্ডের জোট!
মানুষের অশ্রু না মুছিলে কভু, মিলিবে না আল্লাহর সাড়া,
নিষ্ফল তোর সিয়াম-সালাত, যদি থাকিস সৃষ্টির সেবা ছাড়া!

তোর উপবাসে কি আসে যায় আল্লাহর রব্বুল আলামিনের?
ক্ষুধার্ত ভাই উপোস কাটায়, তুই যে বিলাসী আমীর!
জাকাতের টাকা সিন্দুকে পুরে, হাজি সাহেব সাজো বুঝি?
ভুখা মানুষের কান্নার মাঝে আল্লাহর আরশ খুঁজি!


ধূর্তের দল, ধর্মের নামে খোলস পরেছিস যত,
মানুষের সেবা না করিলে তোদের পুণ্য হইবে শত?


ওরে জোয়ান! ভাঙো মায়ার কারাগার,
ক্ষুধার্তের অন্ন জুগিয়ে
দূর করো হাহাকার!

শোনো রে মূর্খ, শোনো রে অন্ধ, শোনো রে অত্যাচারী,
মানুষের মনে আঘাত হানিয়া ভাবো পার পাবে পারী?
কাবা শরিফের চেয়েও যে দামি মোমেনের এই মন,
মানুষের দিল ভাঙিলে রে ভাই, রুষ্ট সে নিরঞ্জন!
উন্নত শির করিয়া আজকে গাও সাম্যের জয়গান,
একই তো রক্ত সবার ধমনিতে, একই আল্লাহর দান।


যে জন সেবিলো সৃষ্টির জীবে, রব্বুল আলামিন ভালোবাসে তারে,
মসজিদ-মিম্বরে খুঁজো না তো আর, আল্লাহ বিরাজেন মানুষের অন্তরে!
ভেঙে ফেলো আজ জাতের বড়াই, গাও সাম্যের জয়গান,
মানব সেবাই হোক রে তোদের আসল দ্বীন ঈমান!

জাগো ইনসান! জাগো ইনসান!
মানুষের সেবাতেই মিলবে রে আল্লাহ
এই তো আসল দ্বীন, এই তো রে ঈমান!
জাগো ইনসান! জাগো ইনসান!

----------------------------------------------------------------------------

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চল রে মদিনায়

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************** ওরে ও মন - মুসাফির , চল রে মদিনায় , যেথায় ...