কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
কাপাসিয়ার আঁচল-ঘেরা গাঁখানি মোর ভাই,
রাওনাট নামের এমন সুজন জগৎ-জুড়ে নাই।
ধান-কাওনের সুবাসেতে জুড়ায় মোদের প্রাণ,
এই মাটিতে জন্ম লয়ে গাই যে সুখের গান।
ও রাওনাট, ও রাওনাট,
মোর প্রাণের রাওনাট!
মাটির গন্ধে, শিকড়-বাঁধনে
ভরে ওঠে বুকের পাট!
ও রাওনাট, ও রাওনাট,
মোর ভালোবাসার গাঁ!
তোরই মাটির ধূলি মেখে
জুড়িয়ে যায় প্রাণটা!
বারবার এই অবুঝ মন
ছুটে যে যায় ধেয়ে,
শিকড়-বাঁধন জড়ায় বুকে, রাখাল ছেলের মেয়ে।
মৌলভী আব্দুল আহাদ আলী—আমার দাদার ঘর,
ভিটের ধুলোয় মাখামাখি, কেউ তো নহে পর।
শ্রদ্ধেয় পিতা আবুল হোসেন বেড়ে উঠল এইখানে,
সেই সুধা আজো জড়িয়ে আছে আমার মনে-প্রাণে।
দাদার ভিটা, পিতার স্মৃতি, আপন মাটির টান,
রাওনাটের নামটি তাই জড়িয়ে আমার প্রাণ।
ও রাওনাট, ও রাওনাট,
মোর প্রাণের রাওনাট!
দাদার ভিটা, পিতার স্মৃতি,
তুই যে আমার প্রাণের
ঘাট!
গুভধিয়ার খালের পাড়ে খঞ্জনীটি নাচে,
হিজল-তমাল ডাল নামিয়েছে রূপালী জলের কাছে।
মাইচ্ছা বিলের শাপলা-শালুক, লাল পদ্মের মেলা,
পল্লী-বধূর কাঁকন-চুড়ির বাদ্যে কাটে বেলা।
কাইত্তামারার বাঁকে বাঁকে বটের শীতল ছায়া,
নদী-নালা, খাল-বিল মিলে নক্সী-কাঁথার মায়া।
জলের বুকে রোদের হাসি, বাতাস গায় গান,
এই প্রকৃতির কোলে জুড়ায় ক্লান্ত প্রাণ।
এই যে আমার রাওনাট,
এই যে মায়ের কোলে!
সবুজ-শ্যামল স্বপ্নগুলো
নাচে দিগন্ত-দোলে!
ও রাওনাট, ও রাওনাট,
মোর প্রাণের রাওনাট!
তোরই মাটির গন্ধে আমার
জেগে থাকে প্রাণের বাতি!
সোনার শস্যে মরাই ভরা, কলাই-তিলে ছেয়ে,
মাঠের পরে মাঠ চলেছে, ডাহুক ডাকে মেঘে।
আম-কাঁঠালের বনের তলে পাখির কলতান,
কৃষক ভাইয়া ক্ষেতে বসে গায় যে জারি গান।
মাটির সাথে ঘামের মিতালি, কৃষকেরই প্রাণ,
ফসল ফলায় হাসিমুখে, গড়ে সোনার ধান।
শস্য-শ্যামল এই জনপদে সুখের
বাতাস বয়,
রাওনাটের মাটির মানুষ মিলেমিশে রয়।
ধানের গন্ধ, মাটির গন্ধ,
মায়ের আঁচলখানি!
রাওনাটের নামটি যেন
হৃদয়জুড়ে বাণী!
এ গাঁয়ের লোক সরল-সোজা, একসাথে সব রয়,
হিন্দু-মুসলিম ভাই-ভাই, যেথা নাই কোনো ভয়।
সাম্যের গান গেয়ে সবাই বজায় রাখে প্রীতি,
একতা আর ভালোবাসায় গাঁয়ের
মধুর রীতি।
অন্যায় আর মাদকের নামে
জ্বলে ওঠে এই গাঁও,
লাঠি-সোটা লয়ে কোমর বাঁধে, ন্যায়ের তোলে নাও।
সামাজিক আর মানবিক কাজে
সবাই আগে চলে,
দুঃখী জনেরে কোলে টানে, নয়ন-জলে গলে।
অন্যায়ের সাথে আপস নয়,
মাদকের সাথে সন্ধি নয়!
মানবতার জয়গান গেয়ে
রাওনাট কভু থামে নয়!
একতা! ভালোবাসা!
মানবতার গান!
রাওনাটের মাটির মানুষ
এক প্রাণ, এক প্রাণ!
মসজিদের ঐ আজান ভাসে,
মন্দিরেতে শাঁখ,
গির্জা আর মাদ্রাসাতে সম্প্রীতিরই
ডাক।
বারো মাসে তেরো পার্বণে আনন্দেরই হাট,
মিলন-মেলার পুণ্যভূমি মোদের রাওনাট।
ভিন্ন ধর্মের ভিন্ন সুরে একতাই মূল গান,
ভালোবাসার বন্ধনে বাঁধা সবার প্রাণ।
শান্তি, মৈত্রী, সম্প্রীতির এই যে মধুর
পাঠ,
এই আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলে রাওনাট।
মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা,
সবাই মিলি এক!
ভালোবাসার বন্ধন দিয়ে
গড়ি সুন্দর দেশ!
রাওনাট নতুন বাজারেতে জমে চাঁদের মেলা,
হাসি-গানে মানুষের ঢেউ কাটায় সোনার বেলা।
রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন আলো
জ্ঞান দিয়ে পথ দেখায়, ছড়ায়
শিক্ষার আলো।
হাছানীয় সিনিয়ার মাদ্রাসা বিলায় দ্বীনের আলো,
রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পথ দেখায় ভালো।
শিক্ষার আলো ছড়িয়ে পড়ে ঘরে ঘরে আজ,
জ্ঞান আর নৈতিকতায় গড়ে
নতুন সমাজ।
শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি,
শিক্ষাই গড়বে প্রাণ!
রাওনাটের সন্তান হবে
দেশের গর্ব মহান!
সবুজ ঘাসে শিশির ভেজা, আমার চেনা ঘাট,
আদর্শ এক পল্লী গাঁও—আমার প্রিয় গ্রাম রাওনাট।
যত দূরেই যাই না কেন, টানে
মায়ের মাটি,
রাওনাটের নামটি আমার হৃদয়জুড়ে আঁটি।
ও রাওনাট! ও রাওনাট!
মোর প্রাণের রাওনাট!
তোরই মাটির ধূলি মেখে
জুড়িয়ে যায় প্রাণটা!
ও রাওনাট! ও রাওনাট!
মোর ভালোবাসার গাঁ!
জন্মভূমির মায়ার বাঁধন
ছিন্ন হবে না!
রাওনাট! রাওনাট!
মোর প্রিয় রাওনাট!
রাওনাট! রাওনাট!
মোর প্রাণের রাওনাট!
আমার মাটি!
আমার প্রাণ!
আমার প্রিয় রাওনাট!
আমার মাটি!
আমার প্রাণ!
আমার প্রিয় রাওনাট!
------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।