রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নহে কোন অশ্লীল ভাষা প্রতিবাদে!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

জাগো!
তোল্রে বজ্র হুঙ্কার!
আমি চাই বিপ্লব! আমি চাই প্রতিবাদ!
আমি চাই শোষিত এই জনতার ন্যায্য অধিকার!
কিন্তু
আমি চাই না অশ্লীল ভাষায় বিপ্লব!
যে ভাষা আমার জাতিসত্তাকে করে অপমান,
নেয়ায় মাথা নীচু, কেড়ে নেয় বীরের সম্মান
আমি ঘৃণা করি,
মনে-প্রাণে ঘৃণা করি সেইসব বিপ্লবীদের,
যারা নিজের মুখে মাখে গালির কালি,
হারায় নিজের মর্যাদা, নিজের সম্ভ্রমের ডালি!


হে বীর!
তুমি প্রতিবাদী হও, তুমি বিপ্লবী হও,
শুধু শালীন ভাষায়, বিপ্লবী ভাষায়, প্রতিবাদী ভাষায়!
তুমি যা বলছো মুখে, যা করছো আজ
তা তো কোন ভদ্র সংস্কৃতি নয়!
বড় ঘৃণিত! বড় লজ্জার!
তুমি পারো না করতে গালিগালাজ কোনো ব্যক্তিকে,
পারো না দিতে অপমান ধিক্কারে!
বীরের অস্ত্র তো শব্দের শাণিত ধার,
গালি তো ভীরুর ঢাল, পতন সংস্কৃতির আঁধার!


আমি জানি, সবই তো চোখের সামনে ভাসে
গ্যাস নেই, বিদ্যুৎ নেই, চারিদিকে আঁধার আসে!
জনগণ দিশেহারা ভুতুড়ে বিদ্যুৎ বিলের মারে,
চাঁদাবাজি আর দখলবাজি গ্রাস করেছে যারে তারে!
খুন, হত্যা, শিশু অপহরণের হাহাকার,
গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ একাকার!
বেকারত্ব বাড়ছে হুহু করে,
অস্থির সমাজ ব্যবস্থা আজ কাঁপছে ঝড়ে!
দলবাজি আর ক্ষমতার চরম দাপট,
কিশোর গ্যাং, ইভটিজিংভাঙছে সুস্থতার কবাট!
ফ্যাসিবাদের তীব্র হুঙ্কার, স্বৈরতন্ত্রের নগ্ন নমুনা,
আকাশছোঁয়া দ্রব্যের মূল্য, তো আর সহ্য হয় না!
দিকে দিকে শুধু তীব্র বৈষম্য,
ন্যায়বিচারহীন এই আঁধারে শান্ত থাকা তো নয় কাম্য!


সবকিছুই নেতিবাচক!
চারিদিকে শুধু অনিয়ম আর ক্ষয়!
তবু
আমিও জনতার ন্যায্য অধিকার চাই,
হিস্যা চাই!
অন্যায়ের প্রতিবাদ হোক মার্জিত বাণে,
তুমিও গর্জে ওঠো শালীনতার তানে!
অন্যায়ের প্রতিবাদ হউক শালীন ভাষায়
মুক্তিযোদ্ধার শৈলীতে রুদ্র বিপ্লবী গানে!

--------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন