বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বুকের রক্ত ঢালিয়া যে বীর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************************

ধ্বংসের বুকে নেচে ওঠে আজ হিংসার দাবানল,
যে প্রাচীর তোমায় ঘিরিয়া আছিল, ভাঙিলে সে মহাবল!
সুরক্ষার সেই অভেদ্য দুর্গ করিয়াছ চুরমার,
বিপ্লবের সে ঝড়-তুফান যে রুখেছিল বারবার;
আজ তারেই তুমি শত্রু বলিছধিক হীনতা ধিক!
বিভেদের আগুন জ্বলিয়া উঠিছে আজ যে চারিদিক!
জাগো রে বজ্র-কণ্ঠে তবে!
ভুলিলে মূল যে ছাড়ে কূল, সে তো ডুবিবেই পরাভবে!

বিপদের দিনে যে বীর দাঁড়ালে বুক পেতে তব পাশে,
আজ তারেই তুমি অস্বীকার করো নির্মম উপহাসে!
যে চাহেনি কভু দেশের ভালো, তারে আজ করো বুক,
গোলামির কালো চুক্তি করিয়া হাসো বুঝি মহাসুখ?
দাসী-খাতায় সঁপিয়াছ মাথা, পরানিয়া দাস-খাত,
স্বাধীন দেশের ললাটে হানিলে চরম আঘাতপাত!
জাগো রে বজ্র-কণ্ঠে তবে!
ভুলিলে মূল যে ছাড়ে কূল, সে তো ডুবিবেই পরাভবে!

যে বজ্রের ডাকে তুমি নামিলে মরণ-মহারণে,
ভুলিলে কেমনে সে রণ-হুঙ্কার আজ এই শুভক্ষণে?
যে স্লোগান তোমায় করিল যোদ্ধা, জাগালো বুকের খুন,
রণ-সংগীতে পাইলে যে শক্তি, বীর্য তেজ দ্বিগুণ!
যে সংগীত তোমায় দানিলে স্বাধীন রক্তিম ধ্বজা,
অপমান তারে করিয়া আজিকে সাজো কি দেশের রাজা?
জাগো রে বজ্র-কণ্ঠে তবে!
ভুলিলে মূল যে ছাড়ে কূল, সে তো ডুবিবেই পরাভবে!

বুকের রক্ত ঢালিয়া যে বীর করিলে মুক্ত দেশ,
জুতার মালা গালি দিয়া তারে করিলে চরম শেষ?
আর যে কাড়িতে চাইল তোমার মুখের মধুর ভাষা,
তারে বলো আজ মহান নেতা জাতির পরম আশা?
ধিক ধিক এই হীনমন্যতা, ধিক শত ধিক ওরে!
লজ্জার এই কলঙ্ক-কালি মুছিবে কেমনে তোরে?
জাগো রে বজ্র-কণ্ঠে তবে!
ভুলিলে মূল যে ছাড়ে কূল, সে তো ডুবিবেই পরাভবে!

--------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

পচন ধরেছে মায়ের শরীরে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ স্বাধীন মায়ের অস্থি - মজ্জায় ধরেছে আ...