বজ্র কণ্ঠে বলো হে কবি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
বজ্র কণ্ঠে বলো হে কবি—এই ভূমি রক্তে আঁকা,
লক্ষ শহীদের বুকের আগুনে স্বাধীনতার শপথ ঝাঁকা।
মা–বোনের লাঞ্ছিত অশ্রুতে ধুয়ে গেছে শত নদীর জল,
পদ্মা-মেঘনা-যমুনা বহে রক্তিম ইতিহাসের ঢল।
শহীদের রক্তে মাখা বর্ণে জেগেছে বাংলা ভাষা,
গুলির মুখে উচ্চারিত সে অমর অক্ষরের আশা।
সংগ্রামের বজ্রনিনাদে লাল-সবুজ পতাকা উড়ে,
অগণিত যুদ্ধের স্তম্ভে গর্বিত বাংলাদেশ দাঁড়ে।
পথে-ঘাটে, প্রান্তরে বাজে শহীদ গাজীর ডাক,
বধ্যভূমি, স্মৃতিসৌধে জ্বলছে অম্লান রক্তচাক।
এই দেশ অসাম্প্রদায়িক—শুনো হে কুটিল মন,
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—একই মায়ের সন্তান।
পাহাড়-সমতল, উঁচু-নীচু—সব ভূমি বাঙালির,
এই মাটিতে জন্ম স্বাধীন, মাথা নত নয় কারওর।
দেশদ্রোহী, স্বাধীনতা-ঘাতী—নেই তাদের ঠাঁই,
বাংলার বুকে বিষবীজ বুনতে দেব না আর তাই।
জঙ্গিবাদ, উগ্রবাদ, সিন্ডিকেটের কালো ছায়া,
বিদ্রোহী জনতার ঝড়ে হবে ধূলিসাৎ মায়া।
আমরা সবাই স্বাধীন বাংলার মুক্ত মানুষের দল,
“আমার সোনার বাংলা” গেয়ে ভাঙি শৃঙ্খল-জাল।
মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান আমাদের শিরা,
অশুভশক্তি ধ্বংসে আমরা শহীদ গাজীর উত্তরাধিকার।
জাগো হে, জাগো হে বাঙালি—বজ্র হাতে তোলো অস্ত্র,
স্বাধীনতা-বিরোধী অশুভ চক্র করো চূর্ণ-বিধ্বস্ত।
তীব্র হোক বিপ্লবের সুর, ঝংকারে ভাঙুক রাত,
যোদ্ধার আগুনে জ্বলো—বাংলা হোক অপ্রমাদ।
---------------------------------------------------
০৯-০২-২০২৬
No comments:
Post a Comment