Monday, June 17, 2019

এই প্রাণ ছেনে ছেনে অনুভব করেছি



                                           -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কখনো পারিনি বলতে,কখনো পারিনি তোমাকে
এই প্রাণ ছেনে ছেনে অনুভব করেছি  প্রেম,
এক হৃদয়ের আহবানে নিভৃতে খুঁজেছি আমার তুমিকে
তবুও পারিনি, আজো পারিনি বলতে তোমাকে ।

অনুভূতির কপাট খুলে কতো প্রহর গুনেছি মর্তলোকে
একটু এলেই আমি পেয়ে যেতাম তোমাকে, হয়তো তুমিও!
এক অদৃশ্য স্পর্শের ব্যাকুলতা এখনো পুড়াচ্ছে আমাকে
তুমি কি তার লেলিহান শিখা দেখতে পাও ?

এক প্রেমের তীব্রতম গভীর উল্লাসে
তোমার কবিতাকে,তোমার স্পন্দিত কাব্যকে হৃদয়ে গেঁথেছি, অতি বিস্ময়ে পড়েছি-
কখনো পারিনি বলতে, কখনো পারিনি তোমাকে
এই প্রাণ ছেনে ছেনে অনুভব করেছি- শুধু তোমাকে!

আজ তুমি দূর দিগন্ত পেরিয়ে,তবুও আছো
খুব গভীরেই আছো, সেই আগের মতোই আছো অনুভূতির প্রতিটি প্রবাহে প্রবাহে…..
এই অদৃশ্য তুমি যেন আলিঙ্গনের প্রতিটি মুহূর্ত্, প্রণয়ের প্রতিটি্ উৎসব।

এই প্রাণ ছেনে ছেনে অনুভব করেছি- শুধু তোমাকে!
---------------------------------------------17-06-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Sunday, June 16, 2019

শুধু প্রেমের হৃদয়টা খুলে দাও

                             ----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
চোখ মেলালেই ধূঁয়াশা নেমে আসে প্রাণে
অথচ কতইনা সবুজে ঘেরা মায়ের আঁচল ।
মুক্তির নিশানা খোঁজে পাই না কোনদিন,
এক অন্ধকারে ডুবে আছে স্বপ্নিল ।

একটু তাকালেই মাদকের অগ্রাসন দেখি যুবক হতে যুবকে
তরুণীও এখন সেই তরীর মাস্তুল
তারুণ্য ভুলেগেছে পথ, ভুলেগেছে যৌবনের পরিচয়
দেশ জুড়ে ফোটে আছে ভয়ঙ্কর মাদক পুস্প!

রাষ্ট্র কিংবা পরিবার ওঠো যদি জেগে তারুণ্যের অমানিশায়-
বাড়াও যদি হাত প্রকাশ্যে সামাজিক আন্দোলনে
যুবক যুবতী ফিরবেই পথ চিনে চিনে…
পথ ভুলে যাবে না কখনো তোমারই সন্তান-

অলি গলি তাকালেই দেখি গাঁজা ইয়াবা ফেনসিডিল-
তারুণ্যের হাতে হাতে যৌবন বিনাশী অস্র
পর্দার আড়ালে কেউ যেন তুলে দিচ্ছে এইসব!
কিন্তু ওরা বুঝে না
থাকবে না কখনো থাকবে না নিবেদিত তরুদল।

হাত বাড়ালেই মুঠো ভরে যায় ভয়ঙ্কর মাদক দ্রব্যে!
অথচ এক যুদ্ধে পাওয়া আমাদের মাতৃভূমি-
মাদকের অগ্রাসন হতে মুক্তি চাই-
আসলে বাঁধাটা কোথায়?
শুধু প্রেমের হৃদয়টা খুলে দাও এই বঙ্গে তুমি!
--------------------------------------------16-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, June 15, 2019

বিজয়ের ভেতরে ফণা তুলে আছে



                          --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক মুক্তির পতাকা হাতে নিয়ে বসে আছি।
বৈষম্যের দিকে চোখ, বৈষম্য স্বাধীনতার ভেতরেও
এক যুদ্ধের ঐতিহ্য হাতে নিয়ে বসে আছি।
রঞ্জিত বিজয়ের উৎসব,স্বাধীনতার উল্লাস ।
স্বার্থ্পর পাখিদের ঝাঁক লাল সবুজের অন্তরালে
বিজয়ের গর্বিত সুবাস ছড়ায় না আর এখন।

বাক যুদ্ধের যানজটে জাতি অবরুদ্ধ বহুকাল,
মুক্তির উৎসব যেন থেমে গেছে দূর্নীতির গ্রাসে গ্রাসে
সম্মুখে শুধু নেশা আর নেশা- কেউ নেই !
এক মুক্তির পতাকা হাতে নিয়ে বসে আছি ভারাক্রান্ত মনে…
পরাজয়ের সবচিহ্নগুলো অতি দ্রুতই ধেয়ে আসছে
জাতির শিরা-উপশিরায়,
বিবেকবান চেতনারা সব নির্বিকার ।
মিথ্যেরা জেগে উঠেছে মুক্তি যুদ্ধের প্রতিটি লাইনে লাইনে
আর অর্জ্নগুলো একে একে খসে পড়ছে…

তবুও বিজয়ের দিকে চোখ, অপেক্ষায় আছি-
এক দৃঢ় শপথের পাশেই পাবো জাতির প্রত্যাশিত মুক্তি
অশুরের বিষাক্ত অঙ্গগুলো খোঁজে নিবে চোরাপথ-
এই বুকে হাত রেখে স্বপ্ন দেখাচ্ছে প্রত্যয়ী সৈনিকেরা
যে চেতনার নীচে মুক্তি যুদ্ধ,লাল সূর্য্, সবুজ আঁচল।

অটুট থাকুক প্রাণে প্রাণে দেশ প্রেম- চকচকে,
ধ্যান জ্ঞানে উতলা হউক লাল সবুজ পতাকা শুধু ।

এক মুক্তির পতাকা হাতে নিয়ে বসে আছি,তবু অন্ধকার!
বিজয়ের ভেতরে ফণা তুলে আছে এক বিষাক্ত বিষধর !
দূর্নীতি! দূর্নীতি! দূর্নীতি!
-----------------------------------------------------------15-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।