Wednesday, August 12, 2026

তুমি হারতে পারো না হে অনুজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************************

হোঁচট খেয়েছ?
পথ কি ফুরালো?
ভাঙেনি তো মেরুদণ্ড!
একবার ফেল মানেই কি তবে জীবনটা লণ্ডভণ্ড?
শোনো রে ছাত্র,
শোনো রে ছাত্রী,
শোনো রে অনুজ ভাই—
পরীক্ষা শুধু জীবনের অংশ, জীবন তো এটা নাই!
জীবন তো এক সুবাসিত মালা,
পরীক্ষা তারই ফুল,
একটি পাপড়ি ঝরেছে বলে কি ছিঁড়বি মালার মূল?
মলিন হবে না মালার সুরভি,
ফুরাবে না আলো-হাওয়া,
আত্মহত্যার কৃষ্ণ গহ্বরে কেন তবে ধেয়ে যাওয়া?
ফেল করা মানে চূড়ান্ত নয়,
নয় এ পরাজয়!
সম্মুখে আছে অনন্ত পথ, জয়ের বিশ্বজয়!
একটু ধৈর্য,
একটু সংগ্রাম,
একটু বক্ষ বাঁধো,
সাফল্যের চাবিকাঠি তো লড়াই, ঘরে বসে কেন কাঁদো?
তুমি তো পারো না হারতে অনুজ,
ভাঙতে পারো না বুক,
এই ফেল শুধু তোমার একার? ঢাকো কেন তবে মুখ?
এর দায়ভার এই রাষ্ট্রের,
রাষ্ট্রীয় ব্যবস্থার,
স্কুলের নোংরা ব্যবস্থাপনা আর বাণিজ্যিক ব্যবসার!
এর দায়ভার শিক্ষকের ওই অন্ধ বেতের ঘায়ে,
সমাজ ও অন্ধ পিতা-মাতার ওই শিকল-পরা পায়ে!
সবার ব্যর্থতা পিঠে নিয়ে কেন একা হবি তুই শেষ?
তোর মরণে যে মরবে বন্ধু, স্বপ্নের এই দেশ!
সকলকে আজ জবাব দিতে হবে,
দিতে হবে কৈফিয়ত!
তুই কেন একা সইবি রে বুকে নির্মম এই ক্ষত?
অদম্য ইচ্ছার মশাল জ্বালিয়ে এগিয়ে চলরে আগে,
আগামীর ভোর ফুটবেই দেখ তোরই পড়া অনুরাগে।
নতুন উদ্দীপনায় বসে পড় আজ,
টেবিল টানিয়া লও,
তোরই গৌরবে ফুল ফুটে যাবে, ভাঙা বুকে বল দাও!
তুই এ জাতির চোখের স্বপ্ন,
তুই এ জাতির আশা,
তুই হেরে গেলে মরে যাবে এই দেশেরই ভালোবাসা।
আমি তো চাই না অকালে ঝরুক একটিও তাজা প্রাণ,
আত্মহত্যার নির্মম কষাঘাতে থামুক বিজয়গান!
তোকে বাঁচতেই হবে সুন্দর এই পৃথিবীর আলো-বাতাসে,
লড়তে হবে রে বুক টান করে নিয়তির ক্রূর হাসে।
ধিক! ধিক! ধিক!
এই ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থাপনায়!
ধিক সংশ্লিষ্ট সকলকে, যারা মেতেছে ছকের ছায়!
জেগে ওঠো অনুজ, তুমিই বিপ্লবী, তুমিই তো শেষ কথা,
তোমার জয়েই চূর্ণ হবে এ সমাজের জড়তা!

No comments:

Post a Comment