মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ছড়িয়ে দাও ধর্মীয় শিক্ষা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***************************************************

জাগো ইন্‌সান! জাগো হে ভুবন! ভাঙো গাফেলতি ঘোর,
খোল রে খোল এ অন্ধ দুয়ার, আশেকী ছড়াক ভোর!
ছড়িয়ে দাও রে ধর্মীয় শিক্ষা প্রতিটি মনের কোণে,
মুক্তির আলো জ্বলুক আবার মানবের গহন বনে।
ঐ দেখা যায় শুধু নূর-রেখা,
ঐখানে নীতি শেখা,
ধরায় বেহেশ্‌ত রচনার তরে ওগো সুন্দর, জাগো একা!

আজ দুনিয়ার সন্তান সব ছুটেছে অন্ধকারে,
লাগামহীন ঐ অশ্বের মতো মরে তারা বারে বারে!
কে হিন্দু? কেবা মুসলিম ভাই? কে বৌদ্ধ? খ্রিষ্টান?
দীনের মাঝে লুকিয়ে রয়েছে মানবের মূল প্রাণ!
আখলাক-শিক্ষা বিনে এই ধরা,
হয়ে যাবে শুধু আলো-হীন, খরা,
ধর্মের বাণী বক্ষে জড়াও, ঘুচবে দৈন্য জরা।

আজকের শিশু আলোর পথ যে হারাচ্ছে চিরতরে,
হৃদয়ে তাদের হিংসার বিষ, বেপরোয়া বাস করে!
বেয়াদব হয়ে উঠছে ওরা যে, মানুষকে করে ঘৃণা,
ইনসানিয়ত-হীন মানবতা আজ সুরহারা এক বীণা!
তাই বলি আজ মগজে মগজে,
ছড়াও এ বাণী মহাসমাজে,
ঈমানের আলো জাগিয়ে তোলো রে প্রতিটি কর্ম-কাজে।

মেনে চলে না কো পিতা ও মাতারে, ওস্তাদে শ্রদ্ধা নাই,
দুনিয়ার বিধি, রাষ্ট্রের আইন—সব ভেঙে চলে ভাই!
ওরা যে আজকে ভয়ঙ্কর দানব, ইবলিশ-কালো দূত,
মানুষের মাঝে জাগাও আবার সেই চির-অদ্ভূত—
যেইখানে আছে নীতি ও মানবতা,
ঝরে পড়ে শুধু সুধা-মাখা কথা,
সর্বস্তরের অভিভাবক রে, দূর করো এ ব্যাকুলতা!

ছড়িয়ে দাও রে ধর্মীয় শিক্ষা, ভাঙো এ জড়তা কালো,
সন্তানে দাও মানবিক দীক্ষা, জ্বেলে দাও চির-আলো!

---------------------------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...