Tuesday, August 18, 2026

তারুণ্যের তপ্ত মরুভূমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***************************************************

বয়সের দোষ? কলিকালের দোষ?
সব মিছে কথা, ভণ্ডামি আর ঢাকো না বুকের রোষ!
হে সমাজের মোড়ল-মাতব্বর,
হে রাষ্ট্রের অতিপতি ঈশ্বর,
একবারও কি নিয়েছ খবর
কোথায় চলেছে টিনেজ তরুণ, ভাঙছে যে আপন ঘর?
তোমাদের ওই অন্ধ ঘুমকে ধিক্কার জানাই রোজ,
তোমাদেরই ভুলের মাশুল গুনছে নিখোঁজ খোঁজ!

পড়ার টেবিলে মন নাই আর,
ইন্টারনেটের রাক্ষুসে থাবা গ্রাস করে পরিবার!
হাতে ওড়ে আজ নিষিদ্ধ মদ,
বুকে ধরে ফেরে মারণ-অস্ত্র, রাষ্ট্র-ধ্বংসী মত!

ওরা আজ জাগে ভয়ঙ্কর রূপে,
নেশা আর জুয়ার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে চুপে!
চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস,
ইভটিজিংয়ের বিষাক্ত ছোবলে বাতাসও ফেলছে শ্বাস!
প্রেমের নামেতে অন্ধের মতো ছুটছে নিষিদ্ধ পাড়ায়,
পিতা-মাতার অবাধ্য হয়ে নরকের পথে দাঁড়ায়!
বোঝা হয়ে গেছে সমাজ-রাষ্ট্রে, রচছে কালো অধ্যায়!


কিন্তু থামো!
হিসাব মেলাও নামো!
এই ধ্বংসের অপরাধ কি শুধু ওদের একার কাঁধে?
নাকি তোমাদের ঘুণে ধরা রাষ্ট্র ছড়ালো বিষফাঁদে?
দিকে দিকে আজ বেকার সমস্যা, অর্থনৈতিক টান,
তিলে তিলে কেন মরছে যুবতী, মরছে যে যুব প্রাণ?
স্বার্থান্ধ হায়েনারা ওদের নামালো অবৈধ কাজে,
অনলাইন জুয়ার মোহে কোটি জীবন পুড়ছে লাজে!

ওরা কেন তবে আত্মহননে মিটাবে মনের খেদ?
কোথায় রক্ষক? কোথায় শাসন? কোথায় সে বিভেদ?
তোমরা কি আজ দিতে পেরেছ গো নৈতিকতার শিক্ষা?
আলোর বদলে তরুণ কেন আজ মাগে মরণের ভিক্ষা?


জেগে ওঠো তবে!
হে রাষ্ট্রের ঘুমন্ত কাণ্ডারী, জাগো রে মহোৎসবে!
জেগে ওঠো আজ হে অভিভাবক, টিনেজের প্রাণ বাঁচাও,
ধ্বংসের মুখে রুখে দাঁড়িয়ে জাতির ভবিষ্যৎ সাজাও!
তারুণ্যের এই তপ্ত মরুভূমি পুড়ে হোক ছারখার,
রক্তের আখরে আসুক আলো, ঘুচুক অন্ধকার!

---------------------------------------------------------

No comments:

Post a Comment