Sunday, August 16, 2026

সামাজিক অনুষ্ঠান যেন ব্যবসা প্রতিষ্ঠান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************************

ভেঙেছে রে ভাই আগের সে প্রীতি, ভেঙেছে রে সব রীতি!
উৎসব আজ ব্যবসা কেবল, পণ্য হয়েছে গীতি!
টাকার কুমির যারা
আজকে সমাজে খাতির কেবলি পাবে রে শুধু তারা!

দাওয়াত? না না, তো এক ফাঁদ, আধুনিক এক চাল,
গরীবের পকেট শূন্য করিতে পেতেছে মায়াজাল!
ডাকে না রে আর গরীব আত্মীয়, ভাই রে আপনজন,
নেতা-কর্মী, বড় ব্যবসায়ী, ধনী বন্ধুদেরই নিমন্ত্রণ!
খুঁজে খুঁজে তারা তালিকা বানায়, মাপে কার কত বল,
কাকে ডাক দিলে বেশি টাকা আসেএই তো কূটকৌশল!

গরীবের যদি নিমন্ত্রণ জোটে, সেও তো যায় না আর,
লজ্জা শরমে কুঁকড়ে মরে সে, বুক ফাটে বেদনার!
কীসের ভোজ? তো এক ভিক্ষে!
খাওয়াইয়া শেষে টেবিল বসিয়ে টাকা নেয় সম্মুখে!
গেটেই বসেছে খাতা-কলম আর টাকার ক্যাশ বাক্স,
উৎসবের নামে আধুনিক কালে কেমনতরো ট্যাক্স?

খাতা খুলে বসে দাওয়াতকারী,
কার কত দেমাক, কে কত দিল, চলে তার জরিপদারি!
নামধাম লিখে হিসাব মেলানো, কে দিল কত রে খামে?
লজ্জার ভয়ে সোনাদানা বেচে, অনেকে দিতেছে ধার,
সামর্থ্য নাই, তবু টাকা দেয়কাঁদে বুক হাহাকার!

রাতে বসে চলে চুলচেরা হিসাব, টাকার পাহাড় গোনে,
কেউ কম দিলে চলে সমালোচনা, বিষ ঢালে মনে মনে!
ধিক্কার দাও এই উৎসবের নামে চলা শোষণেরে,
মানুষের চেয়ে বড় কিছু নাইজানিয়ে দাও এই বিশ্বেরে!

------------------------------------------------------------------

 

 

No comments:

Post a Comment