বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

সুন্দর হৃদয়ের তৃষ্ণা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

আমি তোমাকে চাইনি কোনোদিন,
চেয়েছি একটা সুন্দর হৃদয়;
যার ছায়াতলে ফুরাবে এ রাত,
ঘুচবে মনের সকল সংশয়।

তুমি কি দেখেছো প্রকৃতির বুকে—
অনুপম এক জীবনের আলো?
সে তো সেই মন, যা এই ভুবনে
বাসতে পেরেছে সবাইকে ভালো।

সে যেন এক প্রেমের বৃক্ষ, মহীরুহ এক বিশাল,
তার কাছে কেউ ফেরে না নিরাশ, ভাঙে না কারো তো গাল।
অপমান আর অপদস্ততা—
নেইকো তাহার পবিত্র ডেরায়,
এক ফালি সুখ, স্বর্গীয় সুখ
অকাতরে সে যে সবাইকে বিলায়।

সে এক অনন্য কানন,
ফুটে আছে জুঁই, চামেলী ও বেলী,
গোলাপের রাঙা হাসিতে সেখানে
পলাশ-শিমুলেরা দেয় ডানা মেলি।
আসে না কখনো প্রেমের আকাল, আসে না কোনো দুর্ভিক্ষ,
নয়নের জল মুছে দিতে সদা জাগ্রত সেই মহাবৃক্ষ।
পবিত্র মন সুখের সম্রাট, একাই সে এক তাজমহল,
তারি আঙিনায় খেলা করে শুধু ভালোবাসার শুদ্ধ জল।

ভালোবাসা তুমি নাই বা দিলে,
তাতে তো আমার আক্ষেপ নেই;
দুঃখকে আমি করেছি বরণ
তোমার দেওয়া ওই চাদরেই।
গোলাপের কাঁটাও সুবাস ছড়ায়, রূপের ঝঙ্কার তোলে,
সত্যিকার প্রেম কখনো কি বলো, অপমানের দ্বারে দোলে?
মন যদি কালো হয় তবে তো পৃথিবীটাই অন্ধকার,
সুন্দর মনই ফুটিয়ে তোলে—
মানুষের শ্রেষ্ঠ উপহার, শুদ্ধ মনুষ্যত্ব আর!

তোমার বাহ্যিক শূন্যতা দেখে—
আমি তো হইনি ব্যথিত ও একা;
তোমার কুৎসিত হৃদয়ের টানে
বুকে যে পেয়েছি শত ক্ষত রেখা!
আমি আহত, আমি রক্তাক্ত, তোমার মনের ওই কালিমায়,
তবু এ চাতক তোমারি ভেতরের—
সুন্দর এক মনকে যে চায়!

তোমাকে নয় গো, তোমাকে নয়,
আমি তো তোমার হৃদয়কে ভালোবাসি;
একটি সুন্দর হৃদয়ই দেবে—
এই ধরণীরে এক অনন্য স্বর্গীয় হাসি।

----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...