Sunday, August 30, 2026

গরু চুরের অভয় রাজ্য

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

********************************************

গোয়াল ঘরের শূন্য বাঁধন, নিঝুম গাঁয়ের রাত,
কৃষক ভাইয়ের অশ্রু মোছে কার সে দরদী হাত?
মায়ের মতন গাভীটিরে যে বুকেতে আগলে রাখে,
নিশুতি রাতে ডাকাত এসে নিয়ে যায় কোন পাকে!
ছিঁড়েছে আজ গোয়ালের দড়ি, ছিঁড়েছে চাষীর নাড়ি,
উনুনেতে আজ জ্বলবে না আগুন, শূন্য যে অন্ন-হাড়ি!
কত সাধের সেই ধলু-কালুরে কারা নিয়ে গেল কাড়ি?

ভাই রে
আমাদের এই কাপাসিয়া আজ চোরের অভয় ধাম,
সোনার ফসল ফলায় যে জন, ছাই মেলে তার নাম!
রাওনাট গাঁয়ের চাষীভাই কাঁদে,চাকৈল জাগে ত্রাসে,
রাজাপুর আর পাবুর গ্রামেতে চোরেরা অট্ট হাসে!
খোদাদিয়া থেকে বরুন গাঁয় রে হাহাকার ওঠে রোজ,
দূর্গাপুর ওই রাউতকোনায় মেলে না চোরের খোঁজ!

প্রশাসন সেথা ঘুমায়ে রয়েছে, চোখেতে বেঁধেছে ঠুলি,
জনপ্রতিনিধি বোবা হয়ে রয়, আসনে উড়ছে ধুলি!
নালিশ লইয়া থানাতে গেলে ফেরে যে চাষীভাই,
গরিবের এই চোখের জলের কোনো কি বিচার নাই?
আর্থিক ক্ষতি সে তো শুধু নয়, যে জীবনের হরণ,
বুকের ধনরে হারিয়ে কৃষক দেখছে জ্যান্ত মরণ!

ওঠো রে কাপাসিয়ার কিষাণ ভাই, লাঠি-সোটা হাতে নাও,
নির্ঘুম চোখে পাহারায় বসে আজ জাগো রে সারা গাঁও!
যে হাত তোমার লাঙল ধরেছে, সে হাতে বাঁধো রে জোর,
আইনের শাসন ভেঙেছে যে আজ, পথ রুখে দাও তার তোর!
অন্যায় কেটে আসুক আলোক, ভাঙুক চোরের দল,
মাটির মানুষ রুখে দাঁড়ালে ঘুচবে চোখের জল!

---------------------------------------------------

No comments:

Post a Comment