Monday, August 24, 2026

মানব মুক্তির দূত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************************

হেরো নিখিলের ধূলি-ধরণীতে নামিলে খোদার ফরমান,
উদিল তপন, গাহিল মুক্তি-গান!
মক্কা-দুলালে হেরিহর্ষিত আশমান আর জমিন,
ফুকারিল তূরে দীন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামগাহে বিশ্বচরাচর,
মোর পিয়ারা নবীজি আসিলেন আজ, কাঁপে পাপীর অন্তর!

জুলুমাত-নাশের তরে এল রে জিন্দাদিল রাহবার,
নামিল নূরের কাওসার।
পবিত্র আল-কোরআন বুনিয়াদ দিল তওহীদের,
ছিঁড়ে ফেলে দিল আজাজিল-জালেম, জুলুমের জিঞ্জির!
তিনি শাহেনশাহ--আলামীন, মোর নূরে-মুজাসসাম,
জানাই দরুদ সালাম।

আফতাব হয়ে জ্বলিলে মদিনায়, ওগো গুলবাগিচার বুলবুল,
ধন্য আরবের মরু-ধূল!
লা-শরীক আল্লাহর বাণী দিলে তুমি ইনসানের কানে কানে,
সাম্যের আলো জ্বলিয়া উঠিল প্রাণে।
তুমি খতমুন-নাবিয়্যীন, তুমি শাফায়াত-কারবারী,
তরে গেল আজ নিখিল পাপী কারী!

ভেঙে গেল আজ কিসরার ওই জালিম শাহী-মহল,
দরিয়া--সাওয়ার শুকায়ে অতল!
নিভে গেল দূর পারশ্যের ওই হাজার বছরের আগুন,
ধরায় নামিল হেদায়েতের ফাগুন।
বদ্দর-ওহূদে হেরিলে যাহারে বাতেল-ত্রাস নির্ভীক,
কাঁপিল দরিয়া, কাঁপিল দশটি দিক!

তিনি যে এলেন আশেক--খোদা, ইনসান-দরদী বীর,
উন্নত করিয়া মজলুমের শির।
জাহেলিয়াতের তিমির ফুঁড়িয়া জ্বালিলেন ধ্রুবতারা,
অমৃত-সুধায় মাতিল জগত-পারা।
খাঁটি আশেক যারা, গাহে তারা আজ দরুদে-মস্তানা,
কদমে তাঁহার সঁপিয়াছে পরোয়ানা!

জাগো ওরে মুমিন, জাগো ওরে মুসলিম, গাহো সেই নেয়ামত,
দেখাও খোদার পথ।
তিনি রব্বুল আলামীনের দোস্ত, আশেক মাশুক,
দূর হবে সব তামাম জগত-দুখ!
ইসলামের নিশান উড়িছে আকাশে, জাগিছে নতুন ভোর,
কাটিয়াছে পাপ-ঘোর!

---------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment