বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

রাজনীতির খেলা বড় নিষ্ঠুর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************************

রাজনীতির খেলা বড় নিষ্ঠুর!
ওরে ও ভাগ্য-বঞ্চিত, ওরে ও সর্বহারা,
তোর রক্তে ভিজে ওঠে রাজপথের এই ধুলোবালি-কণা!
পিতার লাশ পড়ে থাকে হিমশীতল মর্গে—
আর মাতা তোর বন্দী আজ অন্ধ জেলের গারদে!
তুই অসহায় সন্তান, তোরে আজ দৌড়াতে হয়—
আদালতের দুয়ারে দুয়ারে, সুবিচারের আশায়, ডুকরে কেঁদে!

সাধারণ ঘরে যখন সন্তানেরা শান্ত মনে—
বসে পিতা-মাতার শিয়রে,
পড়ে চলে পুণ্যবাণী, জপে নাম পরম বিধাতার

পিতার আত্মার শান্তির লাগি, পরম শান্তিতে;
তখন ওরে ও রাজনীতির অন্ধ সন্তান,
তোর কপালে জোটে শুধু যাতনার বিষ-অঞ্জলি!

তোর মুক্তি নাই রে নাই,
তোরে দৌড়াতে হয় অবিরত—
আদালত হতে ওই অন্ধকার কারাগার,
কারাগার হতে রক্ত-ভেজা ক্রন্দনমুখর শবযাত্রা!
নাই জিরানি তোর, নাই কোনো ঘর,
লুকিয়ে বেড়াস তুই নগরে-মহানগরে,
কোণ হতে ছুটে চলিস কোন্ এক অজানা পথে,
গুহা হতে গুহান্তরে তোর অনন্ত আত্মগোপন!

তুই মহাকাল বেয়ে ছুটে চলিস দিকবিদিক,
পিছে তোর তাড়া করে ফেরে শমন-দূত!
ওরে, তোরা তো জীবন দিস ঝাঁকে ঝাঁকে,
স্বপরিবারে উজার হস, স্বপরিবারে তলিয়ে যাস—
ক্লান্তিহীন, বিরামহীন, এই কোন মরণ-উৎসবে!
লোকে বলে 'সুবিধা' ওরে, লোকে বলে 'রাজসুখ',
আমি বলি—এ তো পরম অভিশাপ!

যুদ্ধক্ষেত্রেই জন্ম তোদের, রণকোলাহলে তোরা ভূমিষ্ঠ হস,
প্রতিটি কদমে ঝুঁকি, প্রতিটি নিশুতি রাতে ত্রাস,
প্রতিটি প্রভাতে জাগে ঘোর অনিশ্চয়তা!
এই যে ছবি, এই যে রক্তাভ চিলতে হাহাকার—
এরাই তো বলে দেয় আজ,
কতটা ভারী, কতটা নির্মম, কতটা নিঃসঙ্গ এই জীবন,
কেমন করে তিলে তিলে সব হয়ে যায় নিঃশেষ!

হায়রে বাংলাদেশ! হে মোর হতভাগা দেশ!
কবে তুই সভ্য হবি? কবে শেষ হবে এই হিংসার দাবানল?
বড় জানতে ইচ্ছে করে রে, বড় জানতে ইচ্ছে করে—
কবে থামবে এই পাশাখেলা?
যেখানে ভাইয়ে ভাইয়ে চলে হানাহানি,
উপমার ছলে আজ ফুটে ওঠে শুধু অন্ধকার,
হায়, রাজনীতির খেলা বড় নিষ্ঠুর!

----------------------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মিষ্টি হাসির যন্ত্রণা (গান)

  কবি — মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ******************************************** হৃদয়ের ফ্রেমে এঁ...