Wednesday, August 19, 2026

অভিনন্দন হে গোলাপী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

পিচঢালা রাজপথ, ব্যস্ত নগরী,
অলিগলি চিরে জাগে নতুনের প্রহরী।
অভিনন্দন হে গোলাপী! অভিনন্দন তোমাকে,
তুমি এসেছো ডানা মেলে, মুক্তির অভিমুখে।
নারীকে চেনাবে আজ বিশ্বচরাচর,
ভাঙবে কুয়াশা, ঘুচবে অন্ধকার অন্তর।

তোমার সুনীল বুকে চড়ে আজ নির্ভয়ে,
বেড়াবে বাংলার নারী অদম্য জয়ে।
তোমাকে চালাবে একদল কপোতী,
ইতিহাসের পাতায় তারা নব জ্যোতি।
তুমি রচেছো নারী স্বাধীনতার কাব্য,
কবিতা, উপন্যাসে তুমি অনন্য, অনবদ্য।
তুমি নারীদের শাড়ি, তুমি গোলাপী রঙ,
তুমিই তো গোলাপ, ভাঙো সব সং।

তোমাকে সযত্নে রাখে নারী পাইলট,
সুপারভাইজার, কন্ডাক্টরসাহসী এক জোট।
শহরের প্রান্ত হতে দূর সীমান্তে,
এক ঝাঁক নারী আজ ছুটবে একান্তে।
তুমি হও নির্ভীক নারীদের আলিঙ্গন,
তুমি যেন একবার ফুটেই না করো সমাপন।
তুমি ফুটো হে দীর্ঘ, সুদীর্ঘ কালের তরে,
রাজনীতির কূটকৌশল যেন বিষ না ছড়ায় তোমার ঘরে।

তুমি যেন ক্ষণিকের মরীচিকা না হও,
শুভ হোক যাত্রা, তুমি কালজয়ী রও।
নিরাপদ বাহন হয়ে রচবে সুনীল পথ,
নারীদের দ্বার খুলবে, ছুটবে জয়রথ।
যারা তোমাকে বুনেছে এই ধরণীর বুকে,
সাধুবাদ জানাই তাদের, গেয়ে উঠি সুখে।

সাবধান! সাবধান হে গোলাপী রানী!
কীটপতঙ্গের থাবায় যেন না হয় প্রাণহানি।
লুব্ধ চিল-শকুনেরা ওত পাতে মোড়ে মোড়ে,
লালসার বিষাক্ত নিঃশ্বাস ফেলে ঝড়ে।
যানজটের ক্লান্তি আর ইভটিজিংয়ের বিষে,
তোমার সুবাস যেন না যায় কভু মিশে।

স্টিয়ারিংয়ে রেখো শক্ত মমতার হাত,
তুচ্ছ করে দিও যতো কালবৈশাখী রাত।
তুমি যে আলোর দূত, তুমিই তো ভোর,
কেটে যাবে কেটে যাবে সব অপশক্তির ঘোর।

-------------------------------------------------

No comments:

Post a Comment