Thursday, August 13, 2026

সুন্দর হৃদয়ের তৃষ্ণা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

আমি তোমাকে চাইনি কোনোদিন,
চেয়েছি একটা সুন্দর হৃদয়;
যার ছায়াতলে ফুরাবে রাত,
ঘুচবে মনের সকল সংশয়।

তুমি কি দেখেছো প্রকৃতির বুকে
অনুপম এক জীবনের আলো?
সে তো সেই মন, যা এই ভুবনে
বাসতে পেরেছে সবাইকে ভালো।

সে যেন এক প্রেমের বৃক্ষ, মহীরুহ এক বিশাল,
তার কাছে কেউ ফেরে না নিরাশ, ভাঙে না কারো তো গাল।
অপমান আর অপদস্ততা
নেইকো তাহার পবিত্র ডেরায়,
এক ফালি সুখ, স্বর্গীয় সুখ
অকাতরে সে যে সবাইকে বিলায়।

সে এক অনন্য কানন,
ফুটে আছে জুঁই, চামেলী বেলী,
গোলাপের রাঙা হাসিতে সেখানে
পলাশ-শিমুলেরা দেয় ডানা মেলি।
আসে না কখনো প্রেমের আকাল, আসে না কোনো দুর্ভিক্ষ,
নয়নের জল মুছে দিতে সদা জাগ্রত সেই মহাবৃক্ষ।
পবিত্র মন সুখের সম্রাট, একাই সে এক তাজমহল,
তারি আঙিনায় খেলা করে শুধু ভালোবাসার শুদ্ধ জল।

ভালোবাসা তুমি নাই বা দিলে,
তাতে তো আমার আক্ষেপ নেই;
দুঃখকে আমি করেছি বরণ
তোমার দেওয়া ওই চাদরেই।
গোলাপের কাঁটাও সুবাস ছড়ায়, রূপের ঝঙ্কার তোলে,
সত্যিকার প্রেম কখনো কি বলো, অপমানের দ্বারে দোলে?
মন যদি কালো হয় তবে তো পৃথিবীটাই অন্ধকার,
সুন্দর মনই ফুটিয়ে তোলে
মানুষের শ্রেষ্ঠ উপহার, শুদ্ধ মনুষ্যত্ব আর!

তোমার বাহ্যিক শূন্যতা দেখে
আমি তো হইনি ব্যথিত একা;
তোমার কুৎসিত হৃদয়ের টানে
বুকে যে পেয়েছি শত ক্ষত রেখা!
আমি আহত, আমি রক্তাক্ত, তোমার মনের ওই কালিমায়,
তবু চাতক তোমারি ভেতরের
সুন্দর এক মনকে যে চায়!

তোমাকে নয় গো, তোমাকে নয়,
আমি তো তোমার হৃদয়কে ভালোবাসি;
একটি সুন্দর হৃদয়ই দেবে
এই ধরণীরে এক অনন্য স্বর্গীয় হাসি।

----------------------------------------------------------------

সময়ের আদালত

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

নড়ে ওঠ্ রে অবোধ! জাগে রুদ্র মহাকাল,
ছিঁড়ে ফেলে তোর দম্ভের এই বিষাক্ত মায়াজাল!
বেশি দূরে নয় সেই দিন আর
শোন রে ক্ষমতাধারী,
হাতছানি দিয়ে ডাকছে তোমায়
সময়ের আদালত ভারী!
সেথা বিচারক স্বয়ং প্রকৃতি, অটল এবং স্থির,
ন্যায়-বিচারে ভাঙবে রে তোর অহংকারের শির!

বড় নিষ্ঠুর প্রকৃতির সেই প্রতিশোধের খেলা,
ন্যায়ভিত্তিক আঘাতে ভাঙবে ক্ষমতার এই মেলা!
সাবধান হও! সাবধান হয়ে যাও!
আজকে যে তোর ক্ষমতা, দম্ভ, অহংকার,
নিপীড়ন, অত্যাচার, অপমান, অপদস্ত করার কারবার
আজকে যে তোর মবতন্ত্র, খুন আর গুম-হত্যা,
ধর্ষণ, নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজিতে গিলছিস মানুষের সত্তা
সব চূর্ণ হবে!
সব বিচূণ হবে!
সময়ের ওই মহাদালতে সব ধূলোয় মিশে যাবে!
শুধু একটা অপেক্ষামাত্র,
ভেঙে পড়বে তোর পাপের পাত্র!

সুতরাং সাবধান!
আজ যা তুমি বপন করিবে দু-হাত ভরে,
কাল তা- তো সাক্ষী হয়ে দাঁড়াবে তোমায় ধ্বংস করে!
দাঁড়াবে তোমার বিরুদ্ধে,
প্রকৃতির ঘোর যুদ্ধে!

হে মানব!
এমন কিছু করো না আর নিজের হাতের কামাই,
যে আগুনে পুড়তে হবে তোমাকেইমিলবে না রে রেহাই!
ভেবে চিন্তে কাজ করো,
আগামীর দিন আলোকিত করো!
মুক্তির পথ খোঁজো এবার, সময় অল্প বাকি,
নিজেরে দিও না ফাঁকি!
পৃথিবীর মানুষকে ভালোবাসো,
নষ্ট অতীত ভুলে হাসো!
জমিনে সত্য হককে প্রতিষ্ঠা করো ভাই,
জোর-জুলুম অন্যায় অত্যাচারের আর কোনো ক্ষমা নাই!
ভাঙো শৃঙ্খল, জাগো বীরদল, আলোতে ভরুক ভোর,
সময়ের ওই আদালতে আজ শেষ হোক সব ঘোর!

---------------------------------------------------