Monday, August 17, 2026

দুই বন্ধুর শেষ বিদায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 কলকাতায় এসেছিল দুই প্রিয় মুখ,

একসাথে লড়বে বলে ক্যান্সারের দুখ।
হাবিবুল্লাহর দেহে ছিল মরণ-ব্যাধি,
বিল্লাল ছিল পাশে ছায়ার মতন যদি।

সেবা আর ভালোবাসে ঢেকেছিল ক্ষত,
বন্ধুত্বে বিল্লাল ছিল অতন্দ্র জাগ্রত।
ফেরার সময় যখন হলো আগুয়ান,
হঠাৎ থমকে গেল বিল্লালের প্রাণ।

স্ট্রোকের আঘাতে বন্ধু চলে গেল আগে,
যেখানে ব্যথার সুর চিরতরে ভাগে।
বন্ধু ছাড়া হাবিবুল্লাহ কেমনে রবে আর?
কয়েক ঘণ্টা পরেই ভাঙলো ওপার।

ছেড়ে গেল ধরণী সে বন্ধুর টানে,
এমন বন্ধন কেউ দেখেনি তো প্রাণে।
একসাথে পথচলা, একসাথে শেষ,
মৃত্যুর ওপারেও বন্ধুত্বের রেশ।

ফুলবাড়িয়া গ্রাম আজ অশ্রুতে ভাসে,
দুই বন্ধু ঘুমায় চির-ইতিহাসে।
সীমানা পেরিয়ে যারা ছড়ালো আলো,
মানুষের মানবিকতায় তারা বাঁচে ভালো।

সাংবাদিক চন্দন, জিন্না আর দেবনাথ,
শংকর, মনির ভাই বাড়ালো যে হাত
লাশ হয়ে ফিরলো যারা স্বদেশের কোলে,
তাদের গল্প কেউ কোনোদিন কি ভোলে?

হে প্রভু রহমান, তুমি দয়ার সাগর,
জান্নাতে দিও তাদের শ্রেষ্ঠ যে ঘর।
ক্ষমা করো ভুলত্রুটি, ওগো দয়াময়,
দুই বন্ধুর আত্মা যেন শান্তি খুঁজে পায়।

কবরের আজাব থেকে দিও গো রেহাই,
দুজনারে রেখো প্রভু একসাথে সদাই।
চিরন্তন হয়ে থাক এই মহামিলন,
দুই বন্ধুর বিদায় কাঁদালো ভুবন।

--------------------------------------

তুমি এক পরাজিত ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

শ্রাবণের মেঘে ঢাকা ছিল যে আকাশ,
সেখানে লুকানো ছিল ঝড়ের নিঃশ্বাস।
তুমি ছিলে মগডালের এক উদ্ধত কলি,
বসন্তের বাতাসকে বলতে, "দূরে চলি"
পাপড়ির আবরণে লুকিয়ে রেখেছ অহংকার,
ভেবেছিলে কাননে তুমিই একমাত্র সেরা উপহার।

নিচের মাটির ফুলেরা যখন হেসেছে রোদ্দুরে,
তুমি তখন তাকিয়ে থাকতে অনেক দূরে।
ভেবেছিলে রূপের জোয়ার ফুরাবে না কোনোদিন,
প্রকৃতির বুকে শোধ করতে হবে না কোনো ঋণ।

তারপর একদিন...
কালো মেঘে ঢেকে গেল চেনা সেই আকাশ,
ভেঙে পড়লো অহংকারের সাজানো প্রাসাদ।
উন্মত্ত এক ঝড়ে ছিঁড়ে গেল সব বাধন,
মাটির ধুলোয় মিশে গেল তোমার রূপের কানন।

যে ফুলকে ভেবেছিলে তুচ্ছ এবং হীন,
আজ এই কাননে তারা সুবাস ছড়ায় প্রতিদিন।
আর তুমি? ঝরে পড়া এক মলিন পাপড়ি,
স্মৃতির পাতায় খুঁজছো এক ফোঁটা চাটুকারী।

আজ তোমার চোখে শ্রাবণের অবিরাম জল,
ভেঙে গেছে রূপের সেই মায়াবী মহল।
তুমি আজ প্রেমের ভিখারী, বড় একা, বড় ব্যাকুল,
প্রকৃতির আদালতে তুমি আজ একপরাজিত ফুল।

-------------------------------------------------------------