Sunday, February 15, 2026

স্বাগতম হে সিয়াম

 স্বাগতম হে সিয়াম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*******************************************

স্বাগতম হে সিয়াম, মাহে রমজান এল,
নূরের নিশান হাতে তুই দিগন্ত জুড়ে খেল।
রহমতের বাদল ঝরে, মাগফিরাতের বান,
জাহান্নামের দ্বার রুদ্ধ— খোলে জান্নাত-স্থান।

হে মাস, তোর বুকে নেমে এল ঐশী বাণী,
আল-কুরআন জ্বালাল আলো, ঘুচাল প্রাণের হানি।
শাহরু রামাদান— হেদায়াতের দীপ,
সত্য-মিথ্যা ফুরকান করে দিল পথ সুদীপ।

বলেছে মুহাম্মদ— “সিয়াম ঢালসম”,
ঈমান নিয়ে যে রাখে, পায় পুরস্কার অম্লান।
গুনাহ ঝরে শিশির-ধারা তওবার অশ্রুজল,
রোজাদারের মুখের গন্ধ মিশকেরও চেয়ে ভাল।

লাইলাতুল কদর— সে রজনী মহীয়ান,
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার দান।
ফেরেশতা নামে নূর-ডানা মেলে,
আরশ কাঁপে দোয়ার সুরে কাঁদে বান্দা একেলে।

ক্ষুধার তাপে জ্বলে ওঠে বিবেকের প্রদীপ,
গরিবের হাহাকার শুনে কাঁপে অন্তর-দীপ।
যাকাত-সদকা ঢালে হৃদয় সাগর-ঢেউ,
ভ্রাতৃত্বের ডাক তোলে— “এসো মানব নও!”

হে সিয়াম! তুই আত্মার মহা-বিপ্লব,
নফসের শিকল ছিঁড়ে দে, কর ইমান দৃঢ়।
স্বাগতম হে সিয়াম, আল্লাহর রহমত,
তোর ছোঁয়ায় জাগুক প্রাণে তাকওয়ার মহিমাত।

এসো তবে কাঁদি সবে সেজদারই তলে,
পাপের কালিমা ধুই তওবার অশ্রুজলে।
স্বাগতম হে সিয়াম, মাহে রমজান মহান—
তোরি তরে জাগুক আবার ইসলামের গান।
---------------------------------------------------


১৫-০২-২০২৬

No comments:

Post a Comment