আত্মা শুদ্ধি করো হে মুমিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
আত্মা শুদ্ধি করো হে মুমিন, জাগো রে অন্তর,
গুনাহের কালো মেঘে ঢেকো না আর ঘর।
তওবার জলে ধুয়ে ফেল পাপের কালিমা,
রহমতের দুয়ার খোলা— ডাকে করিমা।
শোনো ঐ বাণী, নূরের আহ্বান,
আল-কুরআন দেয় মুক্তির জ্ঞান।
“কদ আফলাহা মান জাক্কাহা”— পবিত্র যার প্রাণ,
সফল তার জীবনপথ, উজ্জ্বল তার মান।
বলেছেন মুহাম্মদ নবী, হেদায়াত-সূর্য মহান—
“দেহে আছে একখণ্ড মাংস, শুদ্ধ হলে শুদ্ধ প্রাণ।”
হৃদয় যদি পবিত্র হয়, পবিত্র সারা দেহ,
নফসের আগুন নিভাও তবে, জ্বালো ঈমান-দেহ।
হে মুমিন! ভাঙো শয়তানের শৃঙ্খল,
তাকওয়ার তরবারি ধরো, হও নির্ভীক বল।
নামাজে খুঁজো শান্তির নীল আকাশ,
সেজদার কান্নায় মুছে যাক হতাশ।
যিকিরে জাগাও ঘুমন্ত প্রাণ,
সবরের সোপানে ওঠো অবিরাম।
যাকাত-সদকা দাও, ভাঙো লোভের বাঁধ,
মানব সেবায় খুঁজে নাও রবেরই সাধ।
আত্মা শুদ্ধি করো হে মুমিন, এ জীবন ক্ষণিক,
দুনিয়ার মোহে থেকো না আর অধিক।
কবরের আঁধার স্মরণে রাখো,
আমলের প্রদীপ জ্বেলে রাখো।
এসো, হৃদয় করি নূর-উদ্যান,
রহমতের ছায়ায় হোক অবসান।
আত্মা শুদ্ধি করো হে মুমিন, আজই করো শুরু—
পবিত্র প্রাণেই মিলবে রবের নূর।
------------------------------------------------
১৫-০২-২০২৬
No comments:
Post a Comment