Tuesday, July 21, 2026

পারিবারিক পলিটিকস

 কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*******************************

রক্তের বাঁধন?
সে তো এক রূপালি নদীর ধারা!
যার কূলে কূলে ঢেউ খেলে যায় সুখের জোয়ার-পারা।
যদি সেথা থাকে প্রীতি-ভালোবাসা,
স্নেহ-শ্রদ্ধার চাষ,
তবে সে নদীর কূলে কূলে নামে স্বর্গের সুবাস।
কিন্তু যদি রে সেথায় ঢোকে হিংসার কালনাগ,
লোভ-লালসার তপ্ত অনলে
যদি ফাটে বুক ভরা অনুরাগ,
রাগ আর ক্রোধের কামড়ে
সোনার সে ঘর শ্মশান-চিতা রে ওঠে যে জ্বলিয়া বামড়ে!

পিতা-মাতা, ভাই-বোন
সে তো আল্লার বড় দান!
মায়ের আঁচল, বাপের দোয়া যে জুড়ায় পরান।
আজ সেই সুধা আপন রক্তে কলঙ্ক মাখিছে গায়,
অপমান আর অপদস্থের কাঁটা ফুটেছে সেথায়।
রক্তে রক্তে আজ হিংসার চাষ,
শত্রুতার মহাযজ্ঞ,
লোভের আগুনে ছাই হয়ে যায় মায়া-মমতার স্বপ্ন!

পিতা-মাতাও আজ স্নেহের আঁচল করছে যে ভাগাভাগি,
জমি-জমার বৈষম্য এনে স্বজনেরে অনুরাগী!
মা জননীও ভাই বোনেতে জাগায় ভেদের রেখা,
সোনার সংসার ছারখার আজ,
কেবলি কান্না লেখা!
পারিবারিক শৃঙ্খল ভেঙে ধুলিতে লুটায় কায়,
ভাই আজ বোনকে সহ্য করতে পারে না যে মায়ায়!
বোনও আজ ভাইয়ের মুখ দেখিলে বিষের জ্বালায় জ্বলে,
ভাই-বোনের এই বৈরিতার বিষ
গাঁয়ে গাঁয়ে কথা বলে!

এক ঘর হতে অন্য ঘরেতে ছড়ায় বিষের লতা,
স্বামী স্ত্রীর মাঝে নাই মিল, কেবলি নীরবতা!
বাপের সাথে বেটার মেলে না, মায়ের সাথে ঝি
ঘোর আঁধারে ডুবছে রে ঘর,
বুঝিবো আর কি!
বাংলাদেশের গাঁয়ে গাঁয়ে আজ এই পলিটিক্স ভাই,
পিতা আজ কন্যাকে ডেকে হাসিয়া বলিছে যাই
'
সব জমি তোরে লিখে দিলাম রে',
পুত্রটি রয় একা,
বঞ্চিত সেই বেটার কপালে কেবলি কষ্ট লেখা!
আবার কোথাও
পুত্রকে দিতে সব স্থাবর-অস্থাবর,
কন্যাকে ত্যাজ্য করিয়া বাপে পর করে দেয় ঘর!

ন্যায়ের ইনসাফ নাই রে আজ এই কলিযুগের ঘরে,
পারিবারিক কুটিল চালের তীরের আঘাতে মরে।
ভাই কাঁদে আজ কাছারি বাড়ির
মামলার খতিয়ানে,
বোন কাঁদে তার বাপের ভিটার অপমানের গানে।
সোনার বাঁধন ছিঁড়ে কুটি কুটি, পলিটিক্স হলো বড়,
মায়ার সংসার ভেঙে চুরমার,
ওরে মন তুই নড়!

-----------------------------------------

 

পরশ্রীকাতর বাঙালি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজপুর

****************************************

আমি হেরেছি বলে তুই জিতবি?
তা কখনো হতে দেব না,
তোর পানে চেয়ে হিংসেয় মোর
জ্বলে পুড়ে খাক চেতনা!
না
, না, তুই জিততে পারবি না!
তোর জয় মানে আমার পরাজয়,
তোর আলো দেখে আমার আঁধারে
বুকে জাগে শুধু মহাভয়!

টেনে হেঁচড়ে তোকে নামাবো নিচে,
রটাবো তোর নামে কুৎসা পিছে,
বলবো তুই যে যোগ্যতাহীন,
মিথ্যে অপবাদে করাবো লীন!
আমি হেরে গেছিতোরও হার চাই,
তোর ধ্বংসেই আমার শান্তি পাই!

এই কি আমাদের বাঙালি সংস্কৃতি?
এই কি মজ্জাগত হীনমন্যতা-প্রকৃতি?
উদার হতে কি পারলাম না মোরা আজও?
ব্যস্ত কেবলই অপরের নিন্দা-কাজেও?
তোর সাফল্য বুকে দেয় মোর বিষম বেদনা,
পরশ্রীকাতরতায় ভরা এই মলিন চেতনা!

কবে হবো মোরা উন্নত মন মগজে?
কেন মেতে উঠি কুৎসিত এই হুজুগে?
নিজের ব্যর্থতা ঢাকিতে অপরে ছোট করি,
নিজেদের শিকড় ভুলে আজ কোথায় মরি!
দিকে দিকে চলে নিন্দার মহা-উৎসব,
হারিয়ে ফেলেছি মানুষের মানবিক সব বৈভব!

ছিঃ ছিঃ বাঙালি! বড় লজ্জা, বড় পরাজয়,
হিংসার অনলে পুড়ছে আজ মানুষের পরিচয়!

---------------------------------------------------------------