Wednesday, July 15, 2026

ভালোবাসার আগুনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

হে আমার বুক চিরে বের হওয়া অবাধ্য কবিতা,
তোমাকে ভালোবাসার সর্বোচ্চ আসনে বসাতে গিয়ে
আমি নিজেই আজ চরমভাবে অপমানিত, অপদস্ত।
তবু আমি ভালোবাসাকে ছোট করিনি,
তুচ্ছ করিনি তোমার ওই রূপালী অহংকারকে।

আমি পুড়েছি, তিল তিল করে ছাই হয়েছি,
অথচ কেউ আমার বুকের সেই লেলিহান আগুন দেখেনি!
কেউ বোঝেনি একাকিত্বের এই তীব্র, নীল যন্ত্রণা।
যে কবিতার প্রেমে আমি নিজেকে বিলিয়ে দিলাম,
হায়! সেই কবিতাই আজ তার কবিকে চিনল না।

অথচ এই বুকে লুকিয়ে আমি এঁকেছিলাম তোমার ছবি,
রাঙিয়েছিলাম হৃদয়ের সবটুকু সযত্ন ছোঁয়া দিয়ে।
যদি এই কবি তোমাকে তার কল্পনায় আবিষ্কার না করত,
তবে কে চিনত তোমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে?
আজ তুমি সবার প্রিয়, সবার চেনা এক অনন্য সৃষ্টি,
সবাই জানেতুমি আমার হৃদয়ের গভীর থেকে লেখা একমাত্র প্রেম।

তোমাকে ভালোবেসেছিলাম বলেই,
তুমি আজ আমাকেই অপমান করার স্পর্ধা পেয়েছ।
তোমাকে উচ্চাসনে বসিয়েছিলাম বলেই,
তুমি আমাকে তুচ্ছ করার অধিকার পেয়েছ।

তবু শোনো হে আমার হৃদয়ের পরম খসড়া,
যেহেতু আমিই তোমার প্রথম স্রষ্টা, আমিই তোমার আবিষ্কারক,
তাই তোমার প্রতি আজ আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই।
নিজের ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে
আমি হাসিমুখে তোমার দেওয়া সবটুকু অপমান সয়ে নিলাম।

আমি কবি, আমি পুড়েই যাবো অনন্তকাল,
আর তুমি ভালো থেকোহে আমার বুকের রক্তে কেনা শ্রেষ্ঠ কবিতা!

---------------------------------------------------------------------

No comments:

Post a Comment