Sunday, July 26, 2026

রূপসী বেলাই বিল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত মনের মেলা,
বেলাই বিলের বক্ষ জুড়ে কোন্ রূপের খেলা!
কেশুরিতার শান্ত কূলে চলল তরী বেয়ে,
পদ্মে-শাপলায় হাতছানি দেয় আকাশ-পানে চেয়ে!
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে নাচছে রে জল-রাণী,
উথাল-পাতাল দখিন হাওয়া আনল একী বাণী!

খিলখিলিয়ে হাসছে শিশু, বাঁধন-হারা প্রাণ,
মেঘের দেশে শঙ্খচিলেরা গাইছে জয়গান!
কচুরিপানার সবুজ জটে ফড়িং করে খেলা,
জাল ফেলে ধীবর-মাঝি, কাটছে সুখের বেলা।
বড়শি হাতে চাষি ভাই, ধরছে নদীর মীন,
এমন রূপের সুধায় আজি পরান উদাসীন!

লোকে বলে 'মিনি কক্সবাজার'— আমি বলি তারে,
সিন্ধু যেন শান্ত হয়ে এল বিলের দ্বারে!
বর্ষাকালে থৈ থৈ জল, মাতাল করা গান,
হাজার হাজার পর্যটকের কাড়ে রে এই প্রাণ!
পিকনিকেরই তরী চলে, বাজে রঙের ঢোল,
বেলাই বিলের অঙ্গে আজি জাগল মহা-দোল!

যেই না নামে খড়ার মওসূম, জল চলে যায় দূরে,
কৃষক ভাইর রুদ্র-লাঙল গান ধরে এক সুরে!
সোনার ধানে, সবুজ শাকের ফলল মাঠের বুক,
বেলাই বিলের অন্ন খেয়ে জুড়ায় দেশের মুখ!
অর্থনীতির মহা-দুর্গ, স্বনির্ভর এই প্রাণ,
দেশী মাছের অমৃত-স্বাদ, বাঙালির জয়গান!

মাছের পিঠে সওয়ার হয়ে আসে জামাই মেলা,
বিশ্ববাসী দেখছে চেয়ে বাঙালির এই খেলা!
জামাই বাবু খরিদ করে বিশাল মাছের ঝাঁকা,
ঐতিহ্যের এই রক্ত-তিলক আমার বুকে আঁকা!
গর্বে আমার বুক ভরে যায়, ওরে ভাই দল,
অনন্তকাল বেঁচে থাকুক বেলাই বিলের জল।

------------------------------------------------------------

No comments:

Post a Comment