Monday, July 27, 2026

আচ্ছা বলুন তো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************************

আচ্ছা বলুন তো
আমরা কি আসলেই মুসলিম?
নাকি শুধুই নামের কাঙাল, মোনাফেকিতে সীমাহীন!
শতকরা পঁচানব্বই জন তাওহীদে বিশ্বাসী দেশে
ইসলামের আলো আজ কেন কাঁদে স্বৈরাচারের কঠিন রোষে?

মসজিদে মসজিদে আযানের ধ্বনি, কাতারে কাতারে ঢল,
ওয়াজ মাহফিলে রাত জেগে শোনো আল্লাহর বাণী কেবল।
প্রচার করিস নবীর সুন্নাহ, দেখাস খোদার ভয়
তবে বাহিরে আসিতেই কেন চারিপাশে ইবলিসের জয়?

ইসলাম তো শান্তির পয়গাম, একতার এক গান,
আজ কেন তবে মুসলিমেরই হাতে মুসলিম হারায় প্রাণ?
এক হুজুরের কুৎসা রটায় অন্য হুজুর অহর্নিশ!
গীবতের হাটে বিক্রি হতেছে ভাইয়ের মাংস আর বিষ!


মুসলিমের হাতেও আজ শিশু-নারী নিরাপদ নয় কেন তবে?
নবীর উম্মত দাবি করে আর মজে আছিস সব ভবে!
সুদ-ঘুষ আর যিনাহ-ব্যভিচারে ডুবেছে খোদার যমীন,
অশ্লীল গালি আর মিথ্যাচারে তোরা হয়েছিস পাপিষ্ঠ, দীন!


ফ্যাসিবাদ আর চাঁদাবাজিতে কাঁপছে খোদার আরশ,
তবুও আমরা দাবি করি মোরা ইসলামেরই আদর্শ!
অন্য ধর্মের মানুষ যেখানে শঙ্কা ভয়ে মরে,
শান্তির স্বর্গ হওয়ার কথা ছিল যে স্বাধীন দেশের ঘরে
সেথা আজ শুধু খুন আর গুম, ক্ষমতার লোভী গ্রাস!
দখলদারেরা লুটেপুটে খায়, মানুষের দীর্ঘশ্বাস!


তাকওয়া হারিয়েছিস তোরা, ধরেছিস কেবল খোলস,
তাই তো সমাজটা পাপে ডুবে গেছে, হয়ে গেছে বিকল-অলস।
মর্মবাণী তো ভুলেছিস তোরা, লিপ্ত শুধু দলাদলিতে,
রাসুলের পথ ভুলে গেছিস ক্ষমতার নোংরা গলিতে!


জেগে ওঠো আজ ভণ্ডামি ছেড়ে, ভাঙো এই মিথ্যার দেয়াল,
নইলে আল্লাহর রুদ্র গযবে ধ্বংস হবে তোর খেয়াল!
মুখে নয়, বুকে টেনে নাও ইসলামের সেই সাম্যের গান
ভেঙে ফেলো এই মেকি ধার্মিকতা, ফিরে আসুক সত্যের প্রাণ!

আচ্ছা বলুন তো—
আমরা কি আসলেই মুসলিম?
নাকি শুধুই নামের কাঙাল, আচারের কোলাহল,
মুখের বুলিতেই সীমাহীন?
শতকরা পঁচানব্বই জনের এই দেশে—
আজ কেন এত কান্নার রোল, এত ক্ষোভের আগুন ফেঁসে?

--------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment