Monday, July 20, 2026

শিশুর কান্না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

রক্তে ভেজে খবরের পাতা, চোখে নামে ঘোর অমানিশা,
কোথায় মানুষ? কোথায় সমাজ? হারাল কি সব দিশা!
দিকে দিকে আজি একি হাহাকার,
শিশুর রক্তে রঞ্জিত শিয়র, ভাঙিছে বুকের পাঁজরার হাড়,
পশুর উল্লাস চারিধার!

আঁতুড়ঘরেই হরণ করিছে শৈশবের মিষ্টি হাসি,
দানবেরা মেলেছে বিষাক্ত নখ, ছিঁড়ে ফেলে গলার ফাঁসি।
কোলে থেকে কেড়ে নেয় অবোধের প্রাণ,
টাকার লোভেতে বিক্রি করিছে মানুষের সম্মান!
শিশু অপহরণ!
অর্থের তরে মায়াময় আঁখি করিছে আমরণ বন্ধন!

হায় রে সমাজ, হায় রে দানব, কোন নরকপুরী?
কামনার চোখে নিষ্পাপ দেহে চালাইছ নিষ্ঠুর ছুরি!
পাশবিক নির্যাতন!
লুণ্ঠিত আজ দেবশিশুদের পবিত্র জীবন!
ছিঁড়ে কুটি কুটি করিছে হায়নার দল নিষ্পাপ কলি,
লালসার যূপকাষ্ঠে আজি দেবদূতেরা দিতেছে বলি!

কচি কচি হাত, কোমল সে দেহ,
তাদের ওপরেও নির্মম আঘাত, করে না তো দয়া কেহ!
ইটভাটা আর কলকারখানায়,
শ্রমের শৃঙ্খলে বেঁধেছ তাদের নির্মম যাতনায়!
ক্ষুধার জ্বালায় কাঁদে শিশু মেঠো পথে,
তোমরা উড়িছ সোনার রথে!
নর্দমা আর ফুটপাতে কাটে পথশিশুদের রাত,
একটু স্নেহের কাঙাল তারা, পায় না তো ডাল-ভাত!

নিষ্ঠুরতায় নিভে যায় কত প্রদীপ, অকালে মৃত্যু ঘটে,
লাশ হয়ে ফেরে ঘরের সন্তান নদীর কিংবা বিলের তটে!
পারিবারিক কলহ, মায়ের কোল খালি, পিতার অহংকার,
পিটিয়ে মারিছে চুরির অপবাদে, কেমন বিচার?
শিক্ষার নামে বেত আর লাথি, মাদ্রাসায় চলে অত্যাচার,
কোথায় ডাকিবে, কার কাছে যাবে? রুদ্ধ যে সব দ্বার!

জাগো রে যুবক, জাগো রে মানব, জাগো কবি-বিদ্রোহী,
আর কতকাল দেখিয়া পাপ রহিবে নীরব আশী বিষ হয়ে দ্রোহী?
ভেঙে ফেলো আজ এই মৌনতা, ছিঁড়ে ফেলো শিকল,
শিশুদের তরে গড়ে তোলো আজ এক মহাশক্তিদল!
বাঁচাতে হইবে আগামীর আলো, মুছাতে হইবে চোখের জল,
নইলে বিধাতা ক্ষমা করিবে না, ধ্বংস হইবে ধরণী সমল!

-----------------------------------------

 

No comments:

Post a Comment