Monday, July 27, 2026

কবরের দিকে তাকাও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************************

এইখানে তোর পূর্বপুরুষ ঘুমিয়ে রয়েছে ভাই,
ঝোঁপ-ঝাড় আর আঁধার ঘরের কোথাও আলো যে নাই!
একবার শুধু তাকাও ওদিকে, পরান জুড়িয়া ভাবো,
আজকে যে হাসো, কালকে তো মোরাও এইখানে শুয়ে যাবো।

এই পৃথিবীটা বড় নির্মম, নেবে না তোমার খোঁজ,
রক্তের ভাই, কোলের সন্তান ভুলে যাবে তোমা রোজ।
স্মৃতির পাতা থিকে মুছে যাবে, হবে ইতিহাসের লয়,
রেখে যাওয়া ধন ভোগ করিবে রে, কেউ তো তোমার নয়।

কবর দিয়া যে গাঁয়ের মানুষ ফিরিবে নিজের ঘরে,
সেই দিন হতেই তুমি যে অচেনা এই দুনিয়ার তরে।
তবে কেন ভাই, সোনা-দানার এতো মায়া মনে জাগে?
কেন অবিচার, কেন লুণ্ঠন করো অপরের আগে?

পরের হকটা কেড়ে নাও কেন, খাও কেন সুদ-ঘুষ?
ক্ষমতার দম্ভে হারায়ো না ভাই নিজের মনের হুঁশ।
সবকিছু তোমায় পর করে দেবে, ওরে অবুঝ মন,
সাড়ে তিন হাত মাটির বিছানায় রবে না তো কোনো ধন।

বেঁচে আছ যতদিন, ভালো কাজ কিছু করে যাও এই ভবে,
মরণের পরেও মানুষ যেন রে চোখের জলেতে ছোঁবে।
বুকের কাব্যে লিখে রাখবে নাম ঘরণী ভাইবোন,
ক্ষণিকের তরে এসেছিস ভাই, মিছে কেন এত রণ!

তাকাও ওদিকে, ওটাই তো শেষ সাঙ্গ করার ঠাঁই,
ক্ষমতা রূপ, ক্ষণিকের মোহ, শেষমেশ কিছু নাই।

----------------------------------------------------------------

No comments:

Post a Comment