Tuesday, July 14, 2026

হারানোর কিছু নেই হে বঞ্চিত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************************

হে ধরণীর মানব জাতি, শোনো দিয়া মন,
তোমার তো নাই হারানোর মতো কোনো কিছু ধন!
যেথা হতে এসেছ তুমি,
সেথাকার যিনি অধিপতিমালিক মহাসন,
তিনিই তোমার পরম নিয়ন্তা, তিনিই তো রক্ষক সর্বক্ষণ।

কোনটা তোমার মঙ্গল আর কোনটা অমঙ্গল
তিনিই ভালো জানেন সব, তিনিই সুকোমল।
তাঁহার ওপর রাখো ভরসা,
ঘুচবে মনের সকল নিরাশা,
নিশ্চিত জেনো জয়ী হবে তুমি, কাটবে আঁধার তল!

যদি কেউ তোমায় ঠকায়, করে প্রতারণা,
বক্ষে হানে দারুণ আঘাত, দেয় গো যাতনা,
নিন্দা রটায়, শত্রুতা করে,
অপমানে যদি বুকখানি ভরে,
ছলনা-বিশ্বাসঘাতকতায় যদি সাজায় ছল-ছলনা,
তবুও তোমার হারানোর কিছু নাই রে, নাই কোনো ভাবনা!

সত্যের পথে যদি থাকো তুমি অটল মহীয়ান,
বিজয় তোমার আসিবেই আসিবে, গাহিবে জয়ের গান।
একটু কেবল করো অপেক্ষা,
আসন্ন বিধাতার দয়া, রহমতের সুরক্ষা!
কেউ কভু তোমায় পারবে না হরিতে, তুমি যে শক্তিমান।

আজ যারা তোমায় ঠকিয়ে ভাবিছে জিতেছে পরম সুখে,
চূড়ান্ত দিনে হারিবে তারাই, মরিবে দারুণ দুখে!
এই তো নশ্বর ধরণীর খেলা,
অবিনশ্বরের আসিবে যে বেলা,
সবাইকে তো দাঁড়াতে হইবে সেই বিচারের মুখে।

ধৈর্য ধারণ করো হে অবহেলিত, বঞ্চিত মানব সত্ত্বা,
লাঞ্ছিত বুকে জাগিয়ে তোলো অমর কাব্য-গাথা।
ভেঙে পড়ো না কো আর,
বিধাতা স্বয়ং রায় দেবে তোমার,
তোমার পক্ষেই আসিবে বিচার, নমিবে শত্রুর মাথা!

--------------------------------------------------

No comments:

Post a Comment