Wednesday, July 8, 2026

প্রভুর রাহে দামামা বাজাও হে!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

দামামা বাজাও হে!
প্রভুর রাহে দামামা বাজাও হে!
হে গাফেল ইনসান,
তোলো রে ফরমান,
দিল হতে খওফ হটাও হে!
দামামা বাজাও হে!

আমরা আসী! আমরা গুনাহগার!
ভাঙবোই আজ বাতেলের ওই অহংকার!
ভিখারি সেজে নয়,
করে সব খওফ জয়,
রহমত-বরকত লুটে নাও হে!
কালব কায়ায় আজ,
ভেঙে শয়তানি তাজ,
বিপ্লবী শিফা--কামেলত ছড়াও হে!
নামলো রে দুনিয়ায় ইবলিসি আঁধার,
কোথায় রে সৈনিক? কোথায় তলোয়ার?
কঠিন এই ইমতেহানে
মরা ওই ঈমানে
জ্বলন্ত ইন্তেকাম জাগাও হে!

কোথায় মাখলুকাত? কোথায় আজ মানবতা?
চারিদিকে জুলুম আর নফসের বর্বরতা!
ভাইয়ে ভাইয়ে খুনাখুনি,
তখতের টানাটানি,
রক্তের দরিয়ায় চলে শাহী হাতাহাতি!
বেবস বিমার,
মুফতিস চারিধার,
শোষকের কেল্লায় মারো আজ লাথি!
হরব রণ-ঘোর,
জালিমের জোর,
ইনসানের দিলে আজ শয়তানেরই ইশতেহার!

দ্বীনের নামে ভণ্ডামি,
জঙ্গীবাদের ওই উগ্র ছ্যাবলামি
ডুবিয়ে দিচ্ছে মানুষের সব শেষ আশা!
নাফরমান আমীর-ফকির,
ভুলে খোদার জিকির,
পাপিষ্ঠের চাটুকারিতায় মেতেছে খামোখা!
শিরক আর কুফর,
কাঁদে এই শহর,
পাপের বোঝায় নুয়ে পড়েছে দুনিয়া!
শরাব জুয়া,
নেশার ওই ধোঁয়া,
জোয়ানদের দোজখের গর্তে দিচ্ছে ফেলিয়া!

হারাম কামাই,
জালেমের দাপট,
মুনাফেকির পট,
অন্যায়-অত্যাচারে ভরে গেছে দুনিয়া!
বুটের তলায় আজ,
মজলুমের আর্তনাদ,
আর কেঁদে মরবে না নিরালায়
ইন্তেকামের আগুন জ্বলবে এবার সবার গলায়!

হে উম্মত! হে ইনসান!
জাগো রে ধরো শান!
তওবার আমিনে ধুয়ে নাও সব দাগ!
মাফ চাও রবের দ্বারে,
জালজলা আনো এবার জালেমের মিনারে,
পাপের ওই কেল্লায় লাগিয়ে দাও আগুন, ধরো বৈরাগ!

দামামা বাজাও হে!
বদ্-আমল সব হটাও হে!
তলোয়ার হাতে আজ,
ফেলে সব রাজ-তাজ,
সিরাতুল মুস্তাকিমের পুণ্য পথে ধাও হে!
দামামা বাজাও হে!
প্রভুর রাহে দামামা বাজাও হে!

-----------------------------------------------------

No comments:

Post a Comment