Wednesday, July 8, 2026

শপথ ভঙ্গ করেছে মানব সভ্যতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

কথা ছিল মানুষ ভঙ্গ করিবে না শপথ,
কথা ছিল চলিবে মানি প্রভুর বিধিপথ,
এই নশ্বর ভুবনে!
আজ ভাঙিল সে পণ, ডুবিল রে মন পাষাণ-কারা-ভবনে!
তরুলতা, পাখি, নদী আর মরু-গিরি,
গাহে অবিরত খোদার নেয়ামত-গীতি,
মানুষ ছাড়া যে নিখিল সৃষ্টি বোঝে শুকরিয়া-রীতি।
মানুষই শুধু ভুলিল চরম সত্যের মূল বাণী,
বহি আনে শুধু ধ্বংসের কলঙ্ক-লাঞ্ছিত গ্লানি!

আজ ধরণীর পানে চাহিয়া দেখ রে ভাই,
মানুষের তরে মানুষের কোনো ঠাঁই নাই!
মানুষই আজিকে হানিতেছে বুকে বিষাক্ত খরশাণ,
ধরণীরে করি অবাসযোগ্য, লুটিয়া নিতেছে প্রাণ।
রক্তে রাঙা রে রাজপথ, মাঠ, জনপদ, ঘরবাড়ি,
চৌদিকে শুধু মারামারি, হীন হানাহানি, কাড়াকাড়ি!

চুরি, ডাকাতি লুণ্ঠনের মহোৎসবে মাতে নর,
আপন ভাইরে করিয়া দিতেছে পর!
অধিকার হরণ, খুন আর গুম, হত্যার কালো ছায়া,
মুছিয়া দিয়েছে মানুষের মন হতে চিরন্তন সব মায়া।

শোনো শোনো
স্বৈরাচারী আর ফ্যাসিবাদের বুটের আওয়াজ বাজে,
মববাদের এই মরণ-উল্লাসে মানুষ মরিছে লাজে!
আগ্রাসন আর উগ্রবাদ আজ গ্রাসিল মানব-মন,
ধর্মীয় উগ্রতার নামে চলে উন্মত্ত আস্ফালন!
যুদ্ধ-বিগ্রহ, অন্যায় আক্রমণ, কামনার নগ্ন থাবা,
ধর্ষিতা নারী কাঁদে নিশিদিন, কাঁপে জনকের কাবা!

মানুষই আজিকে মানুষের তরে সবচেয়ে বড় ভয়,
মানুষের হাতেই প্রকৃতির আজ ঘটিছে চরম ক্ষয়।
শান্তি গুমরে কাঁদে রে গুমোট অন্ধ কারার মাঝে,
নরপশুরা যে ক্ষমতার লোভে মত্ত হিংস্র সাজে।

চৌদিকে শুধু ক্ষমা প্রদর্শনের ভণ্ড অভিনয়,
দুর্বলেরে যে সবলেরা সদা করিছে পদাঘাত, করিছে জয়!
অপমান আর অপদস্ত আজিকে নিত্যদিনের ডালি,
মানুষের মুখে মানুষের হাতে পড়িছে চুন কালি!
লজ্জা ভাঙিয়া, বিবেক বেচিয়া মানবতা আজ শেষ,
শপথ ভাঙিয়া শয়তানের রূপে সাজিয়াছে এই দেশ!

হে মানুষ, তুমি ফিরিবে কি আর প্রভুর সেই সে পথে?
নাকি ডুবিবে রে চিরতরে এই ধ্বংসের কাল-রথে?

---------------------------------------------------------

 

No comments:

Post a Comment