Monday, July 13, 2026

সেই মোহ আজ স্মৃতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************

প্রথম দর্শনেই তোমাকে দেখে
মনে হয়েছিল
পূর্ণিমার চাঁদ বুঝি নেমেছে ধরার বুকে,
তুমি যেন স্বপ্নের কোনো রাজকন্যা,
রূপের আলোয় ভরা এক অপূর্ব মুখ।

তোমার হাসি ছিল বসন্তের বাতাস,
তোমার চোখে ছিল নীল আকাশের মায়া,
তোমার সৌন্দর্যের ঝলকে
মুগ্ধ হয়েছিল হৃদয়ের ছায়া।

কিন্তু কাছে এসে দেখলাম
সব আলোতে আলো থাকে না,
সব ফুলে সুবাস থাকে না।
চাঁদের বুকেও যেমন কলঙ্ক থাকে,
তেমনি রূপের আড়ালেও লুকিয়ে থাকে অন্ধকার।

তুমি মরীচিকা
দূর থেকে নদী, কাছে গেলে শুধু তৃষ্ণা।
তুমি রঙিন ফুল
কিন্তু হৃদয়হীন, সুবাসহীন এক নিঃশব্দ শূন্যতা।

তোমার বাহির যতটা সুন্দর,
ভিতর ততটাই পাথর।
ঠোঁটে বসন্তের হাসি,
হৃদয়ে যেন শীতের প্রহর।

তোমাকে দেখা যায়,
মুগ্ধ হওয়া যায়,
কিন্তু ভালোবাসা যায় না
কারণ ভালোবাসা শুধু রূপের নয়,
ভালোবাসা হলো মমতার সুবাস।

আজ প্রেমের দলিল ফিরিয়ে দিলাম
হে ছলনাময়ী, তোমার পথে আর নয়।
আমি খুঁজে নেব সেই হৃদয়,
যেখানে রূপের চেয়ে
ভালোবাসাই সবচেয়ে সুন্দর পরিচয়।

হে ছলনাময়ী, শেষ প্রণাম নাও,
নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান।
শুধু মনে রেখো
ভালোবাসা হারালে হারায় না মানুষ,
হারায় শুধু একটি মিথ্যে স্বপ্নের সন্ধান।

প্রথম দর্শনের সেই মোহ আজ স্মৃতি,
সেই মায়া আজ কেবল গল্প।
শিখেছিরূপ ক্ষণিকের অতিথি,
হৃদয়ের সৌন্দর্যই চিরন্তন অমর।

--------------------------------------------------

 


No comments:

Post a Comment