Tuesday, July 14, 2026

পারিবারিক বৈষম্যের আগুন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

খোদার আরশ কাঁপিয়ে...
নবীজির সুমহান ফরমান পায়ে দলিয়ে,
আজ আমরা কোন দোজখের দরজায় গেলাম ঝাঁপিয়ে?
একই ছাদের নিচে বাস...
তবুও কেন চারিপাশে
এত জিন্দেগি-নাশের দীর্ঘশ্বাস?
পারিবারিক বৈষম্যের এই লেলিহান আগুনে...
পুড়ে ছারখার সব আলো,
সেখানে আজ থরে থরে জমেছে...
শুধু মাতমের কালো!

একই খাক, একই খুনে গড়া তন,
তবুও কেন...
আলাদা দুই মন?
পিতা-মাতার দিল- আজ পক্ষপাতের কালো ছায়া,
এক সন্তানের প্রতি উজাড় করা মায়া,
আর অন্যজনের কপালে?
কেবলই সওগাতহীন অবহেলা!
কেবলই দায়া!

ইনসাফ?
সে তো জ্যান্ত দাফন হয়েছে স্নেহের দস্তখতে!
নবীজি বলেছিলেন—"সন্তানদের মাঝে আদল করো,"
আজ সেই হুকুম বরবাদ করে,
শুধু এক সন্তানকে করা হয় বড়।
সম্পত্তির দলিলে অন্ধ পিতা ঢেলে দেয় সব একজনের নামে,
মজলুম সন্তানের চোখের পানি আজ বিকিয়ে যায় সস্তা দামে!
হায়রে নাফরমান!
আখেরাত বেচে দিলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী কামে?

রাসূল বলেছেন
"
রাহেমের বন্ধন কাটলে মিলবে না জান্নাত,"
তবুও আজ ভাইয়ের বুকে ভাইয়ের জন্য নাই কোনো মহব্বত।
ভাই আজ বোনের হক কেড়ে নিতে বাড়িয়েছে হাত,
বোনও আজ ভাইয়ের জান-মালের ক্ষতি করতে...
জেগে কাটায় রাত!

শাশুড়ি-বউয়ের চিরন্তন সেই জঙ্গে,
পবিত্র ঘরটা আজ বিষিয়ে গেছে গীবতের কুৎসিত রঙ্গে!
ননদিনী খোঁজে শুধু ভ্রাতৃবধূর খুঁত,
শান্তির সংসারে তারা যেন সাক্ষাৎ ইবলিসের কাসেদ!
সাক্ষাৎ ইবলিসের দূত!

কে কাকে কত বড় জখম করতে পারে,
কে কাকে কতখানি নিঃস্ব করতে পারে,
সেই নোংরা, পৈশাচিক বাজি আজ ঘরে ঘরে!
ভেতরের এই হিংসার অনলে...
প্রতিটি ঘর আজ এক একটা জ্বলন্ত চিতা,
পুড়ছে ভাই, পুড়ছে বোন, পুড়ছে মাতা-পিতা!

পিতা-পুত্রের ফাসিলা বেড়েছে যোজন যোজন,
দ্বীনের তালিম ভুলে, কেউ বোঝে না কারো প্রয়োজন।
খুনখারাবি আর হিংসায় ঘেরা এই মিছে সংসার,
খোদার দরবারে পৌঁছায় আজ...
শুধু মজলুমের ফরিয়াদ!
শুধু বোবা হাহাকার!

ভেঙে চুরমার আজ পবিত্র পারিবারিক বন্ধন,
পর্দার আড়ালে চলছে শুধুই রক্তক্ষরণ...
চলছে শুধুই ক্রন্দন...

হে উম্মাহ!
নবীজির সুন্নাহ তোমরা কোথায় হারালে?
জাহেলিয়াতের গুনা কেন আবার বুকে টেনে নিলে?
রক্তের মানুষগুলো...
জাহান্নামের আগুনে পুড়তে...
কেন এতটা বেরহম,
কেন এতটা হিংস্র হলে?

------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment