Wednesday, July 22, 2026

রাওনাট স্কুলের সহপাঠী

 কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

আজ আর নেই সেই উত্তাল উন্মাদনা,
নেই কোলাহল!
স্মৃতির ফ্রেমে জাগে প্রভাত-রবি,
আঁখি ছলোছল!
কোথায় হারাল ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণীর সেই দিনগুলো?
যেথায় উড়েছে আমাদের চঞ্চল পায়ের ধূলিও!
ভিন রক্তের সে তো ছিল না বাঁধন,
এক পরিচয়, এক মায়ায়
আমরা ছিলাম এক বৃন্তের শত পাঁপড়ি,
এক সুবাসে মাখানো কায়ার!
কোথায় সে দুষ্টুমি, সে রাগ-অভিমান?
আজ শুধু ভেসে ওঠে কবির কবিতায় স্মৃতির সে গান!

আমি ছিলাম দুরন্ত, বড়,
পড়াশোনায় মন তো বসে না,
তবুও কেন যে ভালো ছাত্রীদের সাথে
ছিল এক গভীর চেনা!
ভেঙে যেতাম ক্ষুদ্র দলে মনের মতন মিল-বন্ধনে
আজও তারা দোলা দেয় ক্রন্দনে।

কোথায় আমার সে প্রিয় বান্ধবী
মাহবুবা সিদ্দিকা লাভলী,
শিরিন সুলতানা, শাহিদা শাহীন, জেসমিন?
আর স্নেহের ছোট বোন ফারজানা আক্তার লিপি
আজ তোরা সবাই যে গুরুত্বহীন!
আর ছেলের দল
জাহাঙ্গীর, বেলায়েত, রফিকুল চঞ্চল,
শাহজাহান, ফারুক, রিয়াজুল অতল,
খোকন, তারক, প্রদীপ আর বলাই, ছোট কবির
তোদের স্মরণে আজো রাওনাট স্কুলের বাতাস অস্থির!
ওরে শাহজাহান!
তোর কাছেই তো সঁপেছিলাম মোর হৃদয়ের একান্ত গান!
মনের জমানো যত গোপন কথা,
যত সুখ, যত ব্যাকুলতা!

কিন্তু
তার মাঝে একজন ছিল আলাদা চোখে দেখা,
যার চরণে সঁপেছি মোর জীবনের মূল রেখা!
নিজের অজান্তে যারে বেসেছিলাম ভালো,
যার রূপে ধুয়ে যেত আঁধার হৃদয়ের কালো।
বলা হয়নি কোনোদিন—‘ভালোবাসি তোমায়!’
সে কথা লুকানো ছিল শ্রাবণের ঝোড়ো হাওয়ায়।
মুখ ফুটে বলেনি সেও, বলেনি তো কেউ,
তবু মনে মনে লোক বুঝে নিত অনুভূতির ঢেউ!
কেন যেতাম নিত্যদিন তাদের সে আঙিনায়?
সে কথা কি বুঝত না কেউ বকুল-বিথিকায়?

আজ সে আমার ওপর অভিমানী, বড় অভিমানী!
যোগাযোগ নাহি রাখে,
শোনেনা তো আর আমার ডাক-বাণী!
আমিও তাই হয়ে আছি স্তব্ধ, পাষাণ, নীরব,
হারিয়েছি জীবনের কলরব।
তবু সে যে অন্তরে রবে মৃত্যুক্ষণ পার,
সে আমার মৃত্যুঞ্জয়ী অনুভূতিবেদনার পারাবার!

হায় রে বিধাতা! হায় রে মহাকাল!
আজ আমাদের মাঝে দুস্তর পারাবার, শত যোজন দেয়াল!
কেউ গেছে দূর দেশে, কেউ আজ কর্মক্ষেত্রে শ্রান্ত,
জীবিকার টানে আজ সবাই আমরা ক্লান্ত!
কোথায় হারাল সেই স্কুলের মাঠ, মুক্ত আকাশ?
আজ শুধু চার দেয়ালে বন্দি দীর্ঘশ্বাস!
মাথায় চেপেছে আজ সংসারের গুরুভার,
ব্যস্ততা আর দায়িত্বের বেড়ি পায়ে, চারিদিকে হাহাকার!
সময়ের নিষ্ঠুর টানে হারিয়েছি সেই চেনা মেলবন্ধন,
দূরত্বের কাঁটাতারে গুমরে কাঁদে আজো মন!

তবু ওরে আমার রাওনাট স্কুলের সখা,
জানি না জীবনে আর হবে কি না দেখা!
আজ এই মঞ্চে দাঁড়িয়ে, বুকভরা আকুলতায়,
ঈশ্বরের চরণে মোর এই মিনতি মিশে যায়
যে যেখানে আছিস তোরা, যে দূর দিগন্তে,
সংসার-সুখে তোরা হাসিস রে অনন্তকাল জেন্তে!
ভালো থাকুক লাভলী, শিরিন, শাহিদা, জেসমিন,
ভালো থাকুক লিপি মোর, স্নেহ যার অমলিন!
জাহাঙ্গীর, শাহজাহান, রফিকুল, বেলায়েত, ফারুক,
খোকন, তারক, প্রদীপ, রিয়াজুলসবাই যেন সুখ পায় আসুক!
ছোট কবির আর বলাইসবাই থাকুক কুশলে,
তোদের সুখের হাসিতে মোর জীবন উঠুক উছলে!

আর সে... আমার সেই না-বলা প্রিয়তমা, সেই অভিমানী,
দূর থেকে তারেও আমি আশিস-ডোরে টানি।
জগতের যত সুখ, যত আলো, তার বুকে হোক জমা,
আমায় সে করুক আর নাই করুক কোনোদিন ক্ষমা!
চির-অমর সে প্রিয়া, চির-অমর সে স্মৃতি,
রাওনাট স্কুলের মাঠে শেষ হলো আমাদের গীতি!

-----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment