Monday, July 20, 2026

হে অশুভ শক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************


তুমি আমাকে ধ্বংস করতে পারবে না।
আমি পাথরকুচি পাতা!
আমাকে যতই টুকরো টুকরো করো,
আমি বিপুল উদ্যমে, বিপুল সংখ্যায়,
এই পৃথিবীর বুকে আবার গজাবোই!

এই আমার আদর্শ,
এই আমার ধর্ম।
আমি প্রকৃতি হতে পাওয়া অবিনাশী প্রাণ,
আমার আদর্শ, আমার চেতনা মৃত্যুঞ্জয়ী!

তোমরা ধ্বংস করতে চাইলেও আমাকে ধ্বংস করতে পারবে না।
তোমরা পানিতে ফেলো, ডাঙায় ফেলো,
পদতলে পিষে মারো,
কিংবা বন্দি করো অন্ধকার জেলখানায়,
জোর-জুলুম-হুলিয়া যত খুশি চাপিয়ে দাও
আমি গর্জে উঠবই লাল-সবুজের বুকে!

আমি স্থলে আছি, জলে আছি, বন-জঙ্গলে আছি,
আমি সবখানেই বিরাজমান!
আমি এই লাল-সবুজ মাটির অবিনাশী গান!

তুমি যেখানে ফেলবে আমাকে,
আমি সেখানেই নতুন উদ্যমে জেগে উঠব।

আমি ভয় করি না তোদের অন্ধকার জেলখানা!
ভয় করি না তোদের ফাঁসির দড়ি, স্বৈরাচারী জুলুম আর হুলিয়া!
তোদের অন্যায়-অত্যাচার, তোদের বুলেটের হুংকার,
তোদের ওই পাশবিক ক্ষমতার দম্ভ
সব ভেঙে চুরমার হবে আমার অবিনাশী প্রাণের প্লাবনে!

শুনে রাখ ওরে অশুভ, ওরে অত্যাচারী মদমত্ত দানব
তোদের নির্যাতনের প্রতিটি ক্ষত থেকে,
শত কোটি রক্তবীজের মতো,
আমি আবার জন্ম নেব এই বাংলার পবিত্র মাটিতে!
আমি অজেয়, আমি অক্ষয়, আমি চির-উন্নত শির!

-------------------------------------------------------------------

No comments:

Post a Comment