Wednesday, July 22, 2026

রাওনাটের স্কুল মাঠ

কলমেঃ মোঃ আমিনুল  এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************************
হে রাওনাট স্কুলের মাঠ!
তুমি যৌবনের উদ্দাম চত্বর, তুমি অনন্ত উন্মুক্ত পাঠ!
চারিদিকে পাষাণ প্রাচীর-দেয়ালে ঘেরা নিরেট কারাগার,
মাঝখানে তোমার সবুজ বুক—মুক্তির চঞ্চল হাহাকার!
তোমাকে দেখিলে মনে হয় চির-যৌবনা তরুণ-তরুণী দল,
বক্ষে তোমার টগবগ করে মহাবীরত্বের পুণ্য গঙ্গাজল!
এই মাঠ হতে ফলেছে কত যে মৃত্যুঞ্জয়ী বীরের ইতিহাস,
স্পন্দিত প্রাণের মহাকাব্য লিখেছ, করেছ আঁধার বিনাশ!
কত হৃদয়ের রণ-কবিতা, কত স্বপ্নের সৃষ্টি-প্লাবন,
তোমার ধূলিতে রচিলে তুমি এক অমর আশার আলোড়ন!
এখানেই তুমি জন্ম দিয়েছ কত ফুটবল-ক্রিকেট বীর,
খেলোয়াড় রূপে লড়েছে যারা, নোয়ায়নি কভু শির!
কুমু, দাউদ, খোদেনেওয়াজ, মামুন, মোতাহার সাহসী প্রাণ,
মাসুম, মোরশেদ, রফিকুল ভাই—গেয়েছ জয়ের গান!
আজিজুল, বাবুল, আজগর, হারুন, কামাল, শাহজাহান বলীয়ান,
can আমিনুল, নজরুল, সাইফুল, মোস্তফা, বাশার, দৌলত মহীয়ান!
এই মাঠেরই ধূলি মাখিয়া অঙ্গে, হইয়া আত্মহারা—
জন্মেছে কবি আমিনুল এহছান মোল্লা—ছন্দের ধ্রুবতারা!
এখানেই গড়েছ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের ফৌজ,
সমাজসেবক জাগিছে যেখানে, করিয়া জ্ঞানের মৌজ!
কণ্ঠ ছাড়িয়া স্যালুট জানাই সেই মহৎ জমিদাতায়,
স্কুল প্রতিষ্ঠাতা, ছাত্র ও শিক্ষক—নাম লেখা ইতিহাসের পাতায়!
ওরে, এই মাঠেতেই জমেছে কত সহচরী-বান্ধবীর মেলা,
হাসি-কান্না আর চঞ্চল ঘুঙুরে কেটেছে মধুর বেলা!
লাভলী, শিরিন, লিপি আর সাহিদা—রূপের বহ্নিশিখা,
মাহমুদা, মেহেরু, ফাতেমা, ফাহমিদা—স্মৃতির স্বর্ণলেখা!
আরো মনে পড়ে শ্রদ্ধেয় সেই শিক্ষকদের চরণের ধূলি,
যাঁদের তেজেতে মনের আঁধার, ভীতি সব গিয়েছি ভুলি!
সিরাজ স্যার আর রুহুল আমীন, গিয়াস উদ্দিন স্যারের হাঁক,
মোতাহার স্যার, দিলারা ম্যাডাম—স্মৃতিতে জ্বলজ্বল থাক!
সুভাষ, সুনীল আর আব্দুল হাই স্যার—জ্ঞানের মহাক্ষেত্র,
তাঁদের আলোতেই খুলেছে মোদের অবোধ মনের নেত্র!
ভবিষ্যৎ প্রজন্মের তুমি দুর্জয় মিলন মেলা,
তরুণ-তরুণীর কল-কাকলিতে ভাঙো জড়তার খেলা!
এখান হতেই খুঁজে পেয়েছিলাম আমার হৃদয়ের ঠিকানা,
কাননের ফুল কুড়ায়ে নিয়েছি, ভেঙেছি নিখিল মানা!
এই বুকে মোর বুনেছিলাম প্রথম প্রেমের দীপ্ত বীজ,
এই মাঠ মোর প্রেম, মোর প্রেমিকা—পূত অন্তরীক্ষ নিজ!
এখানেই আমরা গাহিতাম রোজ সগৌরবে, সোল্লাসে—
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" মুক্ত আকাশে!
এখানেই হতো নীতি-নৈতিকতা আর দেশ গড়ার শপথ,
শৃঙ্খল ভেঙে আলোর মশাল জ্বেলে চিনেছি ত্যাগের পথ!
ওরে সাবধান! এই ভালো মাঝে মন্দও আছে কিছু তোর!
কালো আঁধারে ঢেকেছে রে আজ তোর সবুজের এই ভোর!
বখাটে ছেলের দল এসে আজ নেশার ঘোরে ছড়ায় বিষ,
প্লাস্টিক আর আবর্জনায় তোর বুক করিস কলঙ্কিত অহর্নিশ!
বিকেলের ওই আড্ডার নামে চলে যত নোংরামি,
পবিত্র প্রেমের আড়ালেতে আজ বাড়ে ভণ্ড বদনামী!
যত্নের অভাবে আগাছা জমেছে, জমেছে মশার মেলা,
জাগ্রত ছাত্র! তোল রে চাবুক, করিস না আর অবহেলা!
ধুয়ে যাক সব আবিলতা তোর, জেগে ওঠো ওরে মাঠ!
রাওনাটের বুকে তুই-ই যে আমাদের মুক্তির সিংহপাঠ!
-------------------------------------------------------------------

রাওনাটের কাইত্তামারা বিল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

**************************************

এসো হে, এসো হে পথিক! ধ্য! দেখে যাও এক নজর
রাওনাট গাঁয়ের কাইত্তামারা বিল, বিধাতার ধনুর্ধর!
প্রকৃতির একি রুদ্র-রূপসী শান্ত-উথাল খেলা,
এখানে বসেছে নিখিল তৃষার রূপের মহামেলা!

বর্ষায় জাগে সিন্ধু-কল্লোল, বিল থৈ থৈ জল,
দখিনা বাতাস আছড়ে মারিছে প্রবল ঢেউয়ের দল!
মেঘ-ডমরু বাজায় মাদল, আকাশ সুনীল খাম,
বুকের ওপরে শাপলা-শালুক-পদ্মের ধুমধাম!

বকের পাখায় ঝড়ের চাবুক, শালিকের কলতান,
ডাহুক-পানকৌড়ির ডুবো-খেলা জাগায় সৃষ্টি-গান!
গাঙচিল ওড়ে মেঘের কিনারে, ডানা ঝাপটায় বায়ে,
ভোরের কুয়াশা ঘুম ভাঙায় ওই ঘুমন্ত এই গাঁয়ে!

জলের সিন্ধুকে সিঙ্গারা-ফল, কচুরিপানার জট,
কিশোর-কিশোরী সাঁতার কাটিয়া ভাঙিছে জলের তট!
কেউ ফেলে জাল, কেউবা  ছুড়েছে ধারালো বড়শি,
মাছ শিকারের উল্লাসে মাতে গাঁয়ের দূরন্ত পড়শী!

তৃণ-আহারে গবাদিপশুরা মেটায় পেটের জ্বালা,
কৃষকের তরে এই বিল যেন অমৃত-ঘট ঢালা!
গোধূলি-বেলায় রক্তিম আলো জল ছুঁয়ে হয় সোনা,
রাতের আকাশে চাঁদের জোছনা মায়াবী জাল বোনা!

পূর্ব-দক্ষিণে ফসলি মাঠের বিস্তীর্ণ আহ্বান,
চৈত্র-বৈশাখ খরায় রোপণ বোরো-ইরি ফসলের ধান!
গ্রীষ্মের তাপে জল শুষে নিলে, জাগে রে মহাসাড়া
মাছ ধরিবার উৎসবে মাতে আবাল-বৃদ্ধ-পাড়া!

গুভদিয়ার ওই খালের জোয়ারে বিলের মিতালী,
নলী বিল এসে মেলায় সুরের অনন্ত গীতালী!
ঘাটকুড়ি ওই বাজারের ঘাটে কুন্দা-নৌকা ধায়,
বাণিজ্য-তরী ভেসে চলে বিলের বুক-ভরসা বায়ে!

দুধারে তাহার বনের প্রাচীর, ফলের গাছের সারি,
ছায়ার আঁচলে আগলে রেখেছে পল্লী-রূপের বাড়ী!
এই বিলেরই কুলে খুদ চাঁদপুরে কবির বসতঘর,
শৈশব আর কৈশোর কেটেছে যেখানে বাঁধনহারা, নিথর!

মোল্লা-সরকার-পলোয়ান বংশের বীর জয়গান,
এই বিল ঘিরেই জেগে আছে তাহাদের রক্তিম সম্মান!
ধনী আর গরীব, উচ্চ-নীচ, নাই কোনো ব্যবধান
কাইত্তামারা বিল সাম্যের তরে গায় যে মহা-গান!

এসো হে মানব, দেখে যাও এই প্রকৃতির মহোৎসব,
রাওনাটের বুকে অনন্তকাল জাগে জীবনের কলরব!

----------------------------------------------