Tuesday, May 19, 2026

হিম্মত-ই-মুমিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

কভু মনে মনে বলিও না আর— "পারিব না কাজ",
বক্ষে তোমার বাজুক তূর্য, ঘুচুক সকল লাজ!
যাহা কল্যাণ, যাহা মহীয়ান, সত্যের তরে ডাক
উদ্যম লয়ে ঝাঁপায়ে পড়ো গো, পিছে সব পড়ে থাক!

ভয় নাই ওরে ভয় নাই,
যাচো আল্লাহর মদদ সদাই।
তকদীরে যাঁর রহমত রাজে
তারে ঠেলে দেন বিঘ্ন-মাঝে,
বিপদ-আপদ প্রতিকূলতার কণ্টক-ঘেরা পথে,
চড়িতে হইবে আল্লা- দানে নেয়ামত-বিজয়ী রথে!

ব্যথা-হলাহলে যে জন ডুবিবে, অমৃত সেই পাবে,
লড়িয়া যে বীর জয়ী হবেনাম আরশ-পানে যাবে।
জাগো রে জোয়ান, জাগো রে মোমিন, করো রে আত্মদান,
দুঃখের বেশে আসিছে তোমার কুদরতি সম্মান!

---------------------------------------------------

যে দম্ভ পতন আনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

ওরে ভণ্ড আত্মম্ভরী!
দম্ভের তরে করিস পুণ্য কোন কারিগরি?
লোক-হাসানো দান-খয়রাত, শোরগোল চাস ভবে?
জানিস কি তুই, হাশর মাঠে লাঞ্ছিত তোরে হতে হবে!
লাঞ্ছিত হবে রে মায়া,
পাবি না খোদার ছায়া,
দম্ভের তোর তাসের ঘর
হবে রে সর্বনাশা!

ওরে কপট তাপস!
লোক দেখাতে করিস ইবাদতচাস কি বাহবা-ইখলাস?
ভিতরে মুনাফিক, বাহিরে তুই সাজিস দরবেশ!
আল্লাহর চোখে ধুলো দিবি? ওরে নিঃশেষ!
মুনাফিকের ওই কাতার
হবে যে ঠিকানা তোর,
মিথ্যে কাজের ফল পাবি তুই
রোজ হাশরের ঘোর!

শোন রে ওরে অবোধ মন,
আল্লাহর তরে বিলিয়ে দে আজ যা কিছু তোর ধন!
দম্ভ ত্যাজ, বিনয় লহ, হও রে মাটির মতন খাঁটি
নইলে দম্ভের বিষেই পুড়বে জান্নাতের ওই পবিত্র মাটি!
বিনীত ভাই, বিনীত ,
আল্লাহর তরে নিবেদিত ,
ভাঙরে দম্ভের ওই পাষাণ-কারা
তবেই হবে মুমিন তুই, নইলে সর্বহারা!

--------------------------------------------------------------------

অমর সওগাত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

কবরের ঘোর অমানিশায় যখন নিভে যাবে জীবনের বাতি,
সাতটি আমল রবে শুধু তব সাথী
ওরে আত্মভোলা মরণ-পথের যাত্রী!

জ্ঞানের মশাল জ্বালিয়ে যদি যাও কোনো পাঠশালা বা জ্ঞানাগার,
বইয়ের পাতায় পাতায় অক্ষয় রবে পুণ্য তোমার;
পড়িবে উত্তরসূরি,
বাড়িবে নেকির ঝুড়ি
অন্ধকার কবরে তব নামিবে আলোর ঝরনাধার।

তৃষ্ণার্তের তপ্ত বুকে যদি দাও সুশীতল বারি,
খুঁড়ে দাও খাল কিংবা জলের ধারা সারি সারি;
যতবার কোনো তৃষিত চাতক ওষ্ঠ করিবে সিক্ত,
ততবার তব সওয়াবের থলি হইবে না কভু রিক্ত।

রোপণ করো বৃক্ষ
যাহার শীতল ছায়াতলে জুড়াবে শ্রান্ত পান্থের আঁখি,
আহার লভিবে বনের পশু আর কলকণ্ঠী পাখি;
বৃক্ষ যতকাল দিবে ফল আর ছায়া,
ততকাল রহবে তোমার ওপর খোদার পরম মায়া।

পুণ্যভূমির বুকে গড়ো যদি খোদার আরশমসজিদ ঘর,
সিজদাহ্ ঘ্রাণে আমোদিত হবে তোমার মাটির ঘর।

বিলিয়ে দাও কোরআনের কপি মমিন বান্দার হাতে,
তিলওয়াতের সুর প্রতিধ্বনিবে কবরের নিঝুম রাতে;
হরফে হরফে রহম ঝরিবে,
কঠিন আযাব দূরে সরিবে।

রেখে যাও যদি পুণ্যবান এক নেক সন্তান,
যাহার মোনাজাতে কাঁপিবে আরশ, বিগলিত হবে রহমান;
সন্তান যদি চাহে ক্ষমা
পিতার আমলনামায় ফিরবে শান্তি, হবে নেকি জমা।

জীবন ফুরালে ফুরায় না সব, কাজ যদি থাকে খাঁটি,
সাতটি ধারায় রহমত ঝরেসিক্ত হয় ওই মাটি।

-----------------------------------------------------------------