টিকার দুর্ভিক্ষ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
হে মসনদ-বিলাসী, শোনো আজ জনতার হাহাকার,
নিষ্পাপ শিশুর রক্তে ভিজেছে তোমার সিংহাসন-দ্বার!
যে শিশু এসেছে পৃথিবীর আলোয় বাঁচার অধিকার লয়ে,
কেন সে বিদায় নিল অকালে, তপ্ত অশ্রু সয়ে?
তোমাদের ফাইল, তোমাদের মেকি উন্নয়নের ভিড়ে,
কেন হামের টিকা পৌঁছাল না ওই জীর্ণ কুঁড়েঘরে?
কার অবহেলায় নিভে গেল দীপ? কে দেবে এর জবাব?
বিচারের নামে তামাশা সাজানো— এ তো চরম পৈশাচিক স্বভাব!
স্বাধীন আকাশ, স্বাধীন ভূমি, তবু কেন শিশু মরে?
টিকার বদলে মৃত্যু কেন জোটে ওদের ঘরে ঘরে?
হায়রে শাসক! তোমার গদিতে লেগেছে ঘুণ আর শ্যাওলা,
মায়ের বুক খালি করে হাসো— তুমি কি পাষাণ বাউলা?
জেগে ওঠো আজ নবজাতকের পাওনা কড়ায় গণ্ডায়,
রুখে দাও ওই ঘাতক চক্র, যারা শিশুর জীবন নিয়ে খেলায়।
বিচারের ভার তোলা থাক তবে জনতার সেই আদালতে—
যেখানে শোষক নুয়ে পড়ে শেষে মিথ্যার কালো পথে।
রক্ত চাই না, অধিকার চাই— প্রতিটি শিশুর তরে,
মুক্তির সূর্য উঠুক এবার টিকারই আলোয় ভরে!
জেগে ওঠো বিদ্রোহী প্রাণ, রুখে দাও এই মরণ-ফাঁদ,
টিকার দাবিতে ফাটাও আজ আকাশছোঁয়া এই পাষাণ বাঁধ!
যাদের ভুলে এ দুর্ভিক্ষ, যারা রাজাসনে আসীন,
তাদের কি হৃদয় আছে? নাকি বিবেক আজ অতি হীন?
নিষ্পাপ দেহে হামের আগুন, জ্বলে পুড়ে ছারখার,
হায়রে শাসন! শিশুদের জীবন নিয়ে তবে কি এই কারবার?
--------------------------------------------------------------------------
০৭-০৫-২০২৬
See less
No comments:
Post a Comment