Tuesday, May 5, 2026

ছোটদের না বলতে নেই’

 ছোটদের না বলতে নেই’

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
শোনো হে বাঙালি, শোনো এক অদ্ভুত উপাখ্যান,
সেবক সেজে যারা চেয়েছিল মানুষের সম্মান।
ভোটের আগে কথা ছিল— ‘নেব না কোনো শুল্কমুক্ত গাড়ি’,
জনতার তরে বিলিয়ে দেব আমাদের সব ঘরবাড়ি।

বেতন-ভাতা, ঐশ্বর্য? ওসব তো কেবল মোহ,
আমরা আসছি আনতে এক নতুন দিনের বিদ্রোহ।
সেবক হবার শপথ নিয়ে গদিটা যখন পেলো,
অল্প দিনেই ভোল বদলে সুরটা বদলে গেলো!

সেবার নামে এখন শুধুই ভোগের আয়োজন,
জনতার কষ্টের টাকা এখন ওদের অতি প্রয়োজন।
বজ্রকণ্ঠে ডাক দিয়ে কয়— ‘অফিস তো মোরা পেলাম,
কিন্তু দামি গাড়ি ছাড়া কি সয় আমাদের এই সালাম?’

ভাড়ার গাড়িতে সেবক চলে? ছিঃ একি দৃশ্যপট!
ক্ষমতার আগে এক রূপ, পরে আজ অন্য খটখট।
মিথ্যাবাদী বলবো ওদের? বলব কি তবে প্রতারক?
নাকি বলবো এই সমাজের নিপুণ মুখোশধারী ধারক?

দৃশ্যপট যা দেখি চারিপাশে, শুভ নয় তার গতি,
সেবকের বেশে আড়ালে বাড়ছে লালসার দুর্গতি।
ওদের গুরুরা শিখিয়ে দেয়— ‘ছোটদের না বলতে নেই’,
চাহিবার সাথে সাথে যেন সব দুয়ার খুলে দেই!

অমুকে পেয়েছে তমুকে পেয়েছে, আমাদের কেন নেই?
জনসেবার বুলি কি তবে হারিয়ে গেল ওখানেই?
পঞ্চান্ন বছরের এই স্বাধিন দেশে এমন তো কেউ দেখেনি,
দাবি আদায়ে নীতি বিসর্জন, আগে তো কেউ শেখেনি।

বৈষম্য দূর করবে যারা, তারাই আজ বৈষম্যের কারিগর,
লজ্জা নামে শব্দটা কি হয়েছে ওদের ভীষণ পর?
কথা আর কাজে মিল নেই যাদের, জনসেবক তবে তারা কই?
ছিঃ! ধিক্কার জানাই তাদের, যারা ক্ষমতার নেশায় মত্ত বই।
------------------------------------------------------ 



২২-০৪-২০২৬

No comments:

Post a Comment