Sunday, May 24, 2026

যে শ্লোগান ছিল মুক্তির

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

যে শ্লোগান ছিল মুক্তির সেখানে আজ জ্বলন্ত চুল্লি!
একি অদ্ভুত পরাধীনতা!
একি ভীষণ বৈষম্য!
এই অসাম্য চূর্ণ করতেই কি এসেছিল বিপ্লব?
ঝরেছিল কি এত প্রাণ?
জেগেছিল কি জনতার উত্তাল উচ্ছ্বাস?

স্বপ্ন ছিল নতুন বন্দোবস্তের
কথা ছিল থাকবে না কোনো ফ্যাসিবাদ, থাকবে না স্বৈরাচার,
দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ আর হত্যার পঙ্কিল অন্ধকার!
সাম্প্রদায়িকতার বিষবাষ্প হবে নির্বাপিত,
মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মর্যাদা হবে অক্ষয়, অবারিত।

ওরে বিশ্বাসঘাতক! ওরে মীরজাফরী রক্ত!
বুকে হাত দিয়ে বলকী পেয়েছিস তোরা? কী দিয়েছিস জাতিকে?
ব্যর্থ তোরা! তোরা কেবল ক্ষমতার লোভী,
লুণ্ঠনে মত্ত তোরাজাতির ভাগ্য নিয়ে খেলছিস ছিনিমিনি।

স্বাধীনতার স্থপতিদের চরণে করেছিস চরম অবমাননা,
জাতির সাথে বুনেছিস প্রতারণার জাল
বিশ্বাসভঙ্গ আর মবতন্ত্রের বিষে নীল করেছিস আজ ওরে মহাকাল!
উগ্রবাদকে দিয়েছিস নিমন্ত্রণ,
স্বাধীন দেশের ললাটে এঁকেছিস দাসত্বের কলঙ্ক-লেপন।

জাগো রে বিদ্রোহী! জাগো আবার বজ্রকণ্ঠে
মীরজাফরদের কর রে তছনছ!
মুক্তির যে শ্লোগান ছিল একদিন প্রাণের স্পন্দন,
সেখানে আজ কেন এই পরাধীনতার ক্রন্দন?
ভেঙে ফেল জ্বলন্ত চুল্লি, গুঁড়িয়ে দাও শোষকের হাত
তবেই হবে সূর্যোদয়, তবেই হবে সত্যকার মুক্তি-প্রভাত!

---------------------------------------------------------

No comments:

Post a Comment