বুধবার, মে ২০, ২০২৬

সহজ দ্বীনের ডাক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

সহজ পথে ডাকো মানুষে, কণ্টক বিছায়ো না,
খোদার রহম সবার তরে—মিছে ভয় দেখায়ো না।
দীন তো আলোর ঝরনাধারা,
কঠিন করিয়া তুলিলে তাহারে আপনি হইবে পথহারা!
সহজ দ্বীনকে করো না বোঝা,
তবেই মিলিবে আরশ-তখত, পথ হবে অতি সোজা।

মুহম্মদ সে তো দয়ার দরিয়া, সাহারাতে ফোটা ফুল,
মুক্তির বাণী এনেছে যে জন—ভেঙে দিতে সব ভুল।
জোর করে কেউ পায়নি কভু খোদার প্রেমের দান,
সহজ শিক্ষা, সহজ দীক্ষা—নবীর এই ফরমান।
মধ্যপন্থা ধরো হে মুমিন,
কঠিন করিলে আমল তোমার, হইবে যে জন ক্ষীণ!

শোনো রে মুসলিম, শোনো রে মানুষ, শোনো রে সৃষ্টিজগত—
ভীতি বিলানো ধর্মের কাজ নয়, এ নয় নবীর পথ।
আয় রে নবীন, আয় রে প্রবীণ, আয় রে সত্যকামী,
সহজ করাই নবীর শিক্ষা—বলেন অন্তর্যামী।
শান্তির এই শুভ্র নিশান সবারে দাও হাতে,
হাসিমুখে তুমি ডাকো তবে সখা, ইসলামের এই পথে।

ধর্মকে শুধু কঠিন করিতে আসেনি মোর নবী,
জোর জবরদস্তি টুটাতে উদিয়াছে সেই রবি।
খুশখবরি শুনাও সবারে—
ভীত করিয়া মানুষে কভু ঠেলিও না আঁধারে।
এই সুসংবাদ দাও ঘরে ঘরে সহজ দীক্ষার গানে,
মুহম্মদ এলো সহজ করিতে খোদার দ্বীনকে প্রাণে।

--------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...