Thursday, May 7, 2026

অঘোষিত দহন

 অঘোষিত দহন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
একই বাগানে ফুটে আছো দুই ফুল, ব্যবধান শুধু টুকু—
অহমিকা আর মৌনতা আজ কামড়ে ধরেছে বুক।
পাশাপাশি থেকেও যোজন যোজন দীর্ঘ এ বনবাস,
একই বাতাসে মিশে আছে তবু গুমোট দীর্ঘশ্বাস।

কেউ বলেনি "বাসি ভালো", কেউ মেলেনি ডানা,
অথচ দুজনেরই হৃদস্পন্দন আজ একে অপরের চেনা।
হাজার ফুলের ভিড়েও আজ বাগানটা খাঁ খাঁ মরু,
বিষণ্ণতায় নুয়ে পড়েছে প্রেমের কচি তরু।

ওগো মোর মানিনী, শোনো—
তুমি ভোরের শিশিরভেজা রক্তিম সেই গোলাপ,
যার স্পর্শে ঘুচে যায় হৃদয়ের সব বিলাপ।
তুমি রজনীগন্ধার মতো স্নিগ্ধ এবং শুচি,
তোমার হাসি দেখলেই আমার সব অভিমান ঘুচি।

তুমি শরতের কাশফুল, শুভ্রতার এক শেষ সীমানা,
আমার মনের গহিন অরণ্যে তোমার অবাধ আনাগোনা।
তুমি নীলপদ্মের মতো দুষ্প্রাপ্য আর মায়াবী অতি,
আমার অন্ধকার জীবনের তুমিই একমাত্র ধ্রুবজ্যোতি।

বৃথা এ যুদ্ধ, বৃথা এই অকারণ দূরে থাকা,
ভালবাসার ক্যানভাস কি যায় এমন শূন্য রাখা?
একবার শুধু চোখের পানে চেয়ে বলো "ভালবাসি",
মুহূর্তেই ঘুচবে আঁধার, ফুটবে বাগানে হাসি।

সব উপমা হার মেনে যায় তোমার রূপের কাছে,
পৃথিবীর সব প্রেম যেন আজ তোমার মাঝেই আছে।
অভিমান ভেঙে দাও আজ, ফেরো সেই চেনা নীড়ে,
দুটি ফুল আজ প্রাণ পাক আবার— ভালোবাসার ভিড়ে।
----------------------------------------------------


৩০-০৪-২০২৬

No comments:

Post a Comment