রবিবার, মে ২৪, ২০২৬

ছলনার মহা উৎসব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

দিকে দিকে আজ হেরি একি হাহাকার!
স্বদেশ কি তবে ছলনার জাতি? চারিদিকে মিথ্যার জয়কার!
রাজার প্রাসাদে প্রজা ডুকরে মরে—
রাজা হাসে বসি উচ্চাসনে, ছলনা যে তার তরে।
আইন কাঁদিছে অন্ধ কোঠরে, বিচারের বাণী স্তব্ধ,
ন্যায় গুমরে মরেছে আজ—ছলনার জালে জব্দ!

অধিকারে নামে স্বাধীনতা আজ করিছে দারুণ ছল,
মুক্তির বেশে শিকল পরায়—প্রবঞ্চনার দল।
প্রেমিকা সঁপিছে বিষের পেয়ালা প্রেমিকের ওষ্ঠাধরে,
হৃদয় নিঙাড়ি প্রবঞ্চনা জাগে তিল তিল করে।

বাদী ও বিবাদী—বিচারক সেথা টাকার নেশায় মাতে,
কলমের ডগায় সত্য বিকোয় আধাঁরিয়া কালো রাতে।
শিক্ষক আজ পাঠশালা ভুলে ব্যবসার নেশায় মত্ত,
ছাত্রের কলমে বিষের ছোঁয়া—ভুলেছে সত্য-তত্ত্ব।

হুজুরেরা আজ মিষ্ট ভাষাতে সত্যরে দেয় ফাঁসি,
ধর্মরে করি পণ্য তাহারা—মুখেতে কুটিল হাসি।
নারীর অন্তরে পুরুষের বিষ, পুরুষে নারী তিলে তিলে মারে,
বিশ্বস্ততা গিয়াছে মরিয়া—ঠাঁই নাই কোনো ঘরে।

অফিসের ফাইলে কলম থামিয়া থাকে—
টেবিলের তলে লেনদেন হলে তবেই তো চাকা হাঁকে!
পরিবারে আজ ভাইয়ে ভাইয়ে চলে যে বিষম রোষ,
মায়ের চোখের অশ্রু আজিকে কার অভিশাপ, কার দোষ?

নেতা ও মন্ত্রী—জনতার বন্ধু সেজে যে লুণ্ঠন করে,
উন্নয়ন শুধু কাগজে কলমে—জনতা না খেয়ে মরে!
নাগরিক আজ নিস্পৃহ চোখে হেরিছে এই বিনাশ,
বিবেক পচিয়া গলিত লাশ—রুদ্ধ আজ আকাশ।

ওরে ও জরাগ্রস্ত সমাজ!
ওরে ও মিথ্যার কারবারি!
তোর ছলনার মহা উৎসবে পড়ুক অগ্নির ঝাড়ি!
জাগো বিদ্রোহী, জাগো পুনরায়—ভাঙ্গো এ শঠতার বাঁধ,
সত্যের সূর্যে দূর হোক আজি—এই কলঙ্কিত চাঁদ!

-----------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...