শ্রমিকের জয়গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************************
জাগো জাগো রে মজলুম, জাগো সর্বহারা!
রক্তে তোদের জাগুক আজ আগ্নেয়গিরির ধারা!
বাঁধ ভেঙেছে শোষণের ঐ পাষাণ কারার দ্বার,
আসছে ধেয়ে মজুর-কিষাণ— লড়াকু হুঁশিয়ার!
আমি বিদ্রোহী, আমি রুধিতে এসেছি জালিমের ঐ হাত,
আমি আসিনি শুনতে মিছে বুলি, বক্তৃতার কুপাত!
পোষ্টার-ব্যানার-কাগজের পাতা— সবি যে আজ ফাঁকি,
শ্রমিকের ঘামে শোষক কেন রে বিলাসিতায় মাখি?
আমি ভাঙতে এসেছি শোষণের শৃঙ্খল-বেড়ি লোহার,
আমি রণ-তূর্য, আমি মহাকালের প্রচণ্ড হাহাকার!
শহীদ শ্রমিকের রক্তে কেনা কারখানার ঐ চাকা,
মালিকের ঐ তিলক-তাজ— সব যে রক্তে মাখা!
ওরে ভীরু দল! কেন মিছে করিস ক্ষমতার হুংকার?
পাওনা যখন চাইবে শ্রমিক— কাঁদবে তোদের হার!
চাই নে আমি শুকনো আশ্বাস, চাই বাসস্থান ও রুটি,
সম্মান নিয়ে বাঁচবে শ্রমিক, ছিঁড়বে দাসের খুঁটি।
শোন রে তামাম পৃথিবীর যত বঞ্চিত মেহনতি,
তোর হাতুড়ি-শাবল গড়বে এবার ন্যায়ের বসতি!
চিকিৎসা চাই, নিরাপত্তা চাই, চাই কর্মের অঙ্গীকার,
না দিলে কেড়ে নেব আমরা— মোদের এ অধিকার!
মালিকের ঐ মসনদ আজ কাঁপুক বজ্রনাদে,
শোষিত যখন রুখে দাঁড়াবে— শোষক মরবে ফাঁদে।
আমি কবি, আমি বিদ্রোহী— শ্রমিকের তরে গাই,
দুনিয়ার যত মজলুমের তরে আমি যে মুক্তি চাই!
জয় মেহনতি! জয় শ্রমিক! ভাঙো ঐ কালো হাত,
বিপ্লবী সুরে ডাক দিয়ে যায়— অরুণের নবারুণ প্রভাত!
----------------------------------------------------------------
No comments:
Post a Comment