Sunday, May 17, 2026

সম্মান কিনবে?

 সম্মান কিনবে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************
ওহে শোনো যারা সম্মান চাও, কিনতে কি চাও আজ?
পসারি বসেছে পাড়ায় পাড়ায়সাজো তবে বীর-সাজ!
টাকা আছে যার, প্রধান অতিথি
হবার বাসনা মনে?
অলিগলি খোঁজো, দোকান খুলেছে শিকারী সংগোপনে।

যোগ্যতা আর জ্ঞানের মশাল নিভেছে আঁধার কোণে,
এখন বিচার হয় শুধু ভাই টাকার অঙ্কে গুণে।
উদ্বোধক কি বিশেষ অতিথি
হতে চাও তুমি আজ?
মুদ্রা ছড়াও, ঘুচে যাবে সব অপমানেরই লাজ।

চোর কি চোট্টা, দুর্নীতিবাজ, গুন্ডা কি বদমাশ,
টাকা থাকলে মেকি সম্মানে ঘুচবে সকল ত্রাস।
আয়োজক বসে ওত পেতে ওই
গলি হতে রাজপথে,
পাপিষ্ঠ আজ আসীন হয়েছে সম্মানেরই রথে।

ওয়াজের নামে, খেলার নামে, সভার আড়ালে বসে
আয়োজক দল সম্মান বেচে ধূর্ত লাভের কষে।
টাকা দিলে ভাই ফুলের মালা,
না দিলে মূল্য নেই
বিবেক বিকানো এই বাজারে মানুষ কি তবে নেই?

সম্মান কিনবে? লও তবে লও, পসারি ডাকছে ওই,
জ্ঞানী-গুণী আজ অবহেলিত, সত্য লুকাবে কই?
শিক্ষার মান ধুলায় লুটাচ্ছে,
টাকাই পরম বল
মেকি সম্মানের তিলক পরো রে অযোগ্য দলবল!

--------------------------------------------------------------

No comments:

Post a Comment