সেই কম্পন এখনো থামেনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************
সেই কম্পন এখনো থামেনি, হয়তো থামবেও না কোনোদিন—
রক্তের গভীরে মিশে আছে এক অশরীরী ঋন।
কেউ কি শুনতে পায়? কেউ কি বোঝে এই স্পন্দনের ভাষা?
যেখানে স্বার্থ ছিল না কোনো, ছিল না কোনো মাংসল লালসা।
তুমি কি কেবলই রূপের মোহ? না, তুমি এক অসীম শূন্যতা,
মরুভূমির তপ্ত বুকে যেমন এক ফোঁটা বৃষ্টির আকুলতা।
যৌবনের আকর্ষণ ছিল না সেথায়, ছিল শুধু হৃদয়ের টান,
অন্ধকারের নির্জনে আজো গেয়ে চলি সেই বিচ্ছেদী গান।
এক হৃদয়ে আরেক হৃদয়ের এই যে অদৃশ্য নীরব ছোঁয়া,
বাতাসে মিলিয়ে যাওয়া যেন একমুঠো নীল ধোঁয়া।
সে কি ভালোবাসা? নাকি তার চেয়েও বড় কোনো সত্য?
আজো জানি না, শুধু বুঝেছি আমি এক নিঃস্বাতীত ভৃত্য।
রাত্রির আঁধারে যখন পৃথিবী ঘুমায় নিঝুম মৌনতায়,
আমার শূন্যতা হাহাকার করে তোমার ফেলে যাওয়া ঠিকানায়।
তুমি জানলে না, জানবেও না কোনোদিন এই ব্যাকুলতা কতদূর,
আমার বুকের বাঁশিতে বাজে শুধু তোমার না-থাকার সুর।
একটি ধ্রুপদী কবিতার মতো আমি তোমাকে পড়ে যাই বারেবার,
চোখের কোণে জল জমে আসে, ভেঙে যায় সব অলীক দুয়ার।
বুকের ভেতরটা কেঁপে ওঠে প্রলয়ঙ্কারী কোনো ঝড়ে,
পাগলের মতো খুঁজি তোমায় স্মৃতির প্রতিটি জীর্ণ থরে।
হয়তো এই শূন্যতা নিয়েই পাড়ি দেব মৃত্যুর ওপার,
যেখানে তোমার আমার মাঝে থাকবে না কোনো লৌকিকতার দেয়াল।
সেই কম্পন থামেনি প্রিয়, থামবে না আমৃত্যু এক পলে—
তুমি অমর হয়ে রবে মোর নয়নের প্রতিটি অশ্রুজলে
No comments:
Post a Comment