বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

বাঁচাও নিজের শান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

শোনো রে ভাই, শোনো রে ইনসান, ত্যাজ করো সংশয়,
মিথ্যা রটনা জঘন্য পাপ, এ নহে বীরের জয়!
দেখোনি চক্ষে, শোনোনি কর্ণে, তবুও দিচ্ছ সাক্ষ্য?
কেয়ামত দিনে মিথ্যেবাদীর বাঁচিবে না কোনো লক্ষ্য!
প্রত্যক্ষদর্শী না হয়েও যারা সাজে প্রত্যক্ষদর্শী—
জেনে রেখো মনে, তারা দুনিয়ার সবচাইতে বড় দোষী!
এ যে চরম মিথ্যাচার!
এ যে ঘোর অন্ধকার!

সাবধান আজ! সাবধান ভাই! অহেতুক সন্দেহ করা—
ছাড়ো এই গ্লানি, তবেই হবে রে পাপের সাগর তরা।
সন্দেহবশত কথা বলা মানে—মিথ্যার বিষ মাখো,
জঘন্য এই পাপ হতে ভাই নিজেকে বাঁচিয়ে রাখো!
ঘৃণ্য সে কাজ!
জঘন্য লাজ!
কেন করো মিছে গোয়েন্দাগিরি পরের কুৎসা খুঁজি?
পরনিন্দা কি তোর জীবনের শেষ সম্বল পুঁজি?
ছিদ্রান্বেষণ করো না রে ভাই, দেখো না পরের ত্রুটি,
নিজের আমল করো রে খালাস—পাপ থেকে নাও ছুটি!

কারো ব্যাপারে ঘৃণা পোষণ করা যে মহাপাপ,
পড়বে মাথায় আল্লাহর গজব, জুটবে কঠোর তাপ!
বিশ্বাসভঙ্গ করো না কভু—
সহিবেন না মোদের প্রভু!
ভুলে যাও সব ছোট-বড় ভেদ, নজরুলের ওই তানে—
ইসলামি এই সাম্যের গান বাজুক সবার প্রাণে।
আল্লাহর মোরা গোলাম সবাই—
মোরা যে ভাই ভাই!
মিলেমিশে এক করো রে জীবন, গাহো শান্তির গান,
মুমিন হয়েই থাকো রে ধরায়—বাঁচাও নিজের শান!

-------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...